• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

‘বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করতাম’—বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের! খোঁচা অস্ট্রেলিয়াকেও

আট বছর আগের সেই বিতর্ক নতুন করে সামনে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির পুরনো ইতিহাস নিয়েও প্রশ্ন উঠছে

‘বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করতাম’—বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের! খোঁচা অস্ট্রেলিয়াকেও

Shoaib Akhter Photo-SNS

২০১৮ সালের শিরিষ কাগজ বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন উসমান খোয়াজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির ঘটনা জানত অস্ট্রেলিয়ার গোটা দল। এ বার সেই বিতর্কে মুখ খুলে পাকিস্তানের অতীতের কথা ফাঁস করলেন শোয়েব আখতার।

ক্রিকেটে বল বিকৃতি নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এ বার সেই বিতর্কে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার, এর আগেও যাঁর বহু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।

তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেটারেরাও অতীতে বল বিকৃতির জন্য নানা পদ্ধতি ব্যবহার করতেন। ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে তাঁরা শিরিষ কাগজ নয়, বোতলের ছিপি ব্যবহার করতেন! একই সঙ্গে ২০১৮ সালের স্যান্ডপেপার বিতর্কে উসমান খোয়াজার বক্তব্যকেও সমর্থন করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

সম্প্রতি আত্মজীবনী ‘সবর’-এ অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার খোয়াজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনা শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের প্রত্যেকেই বিষয়টি জানতেন। সেই বিতর্কেই এ বার মুখ খুলেছেন আখতার।

উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, ‘আরে ভাই, এ বার বিষয়টা ছেড়ে দাও। এটা নিয়ে এত হইচই করার কী আছে? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। ইংল্যান্ডে খেলার সময় আমরা শিরিষ কাগজ ব্যবহার করতাম না, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলের অবস্থা বদলাতাম, আরও অনেক কিছু করতাম। ঠিক আছে, সত্যিটা সামনে এসেছে। কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই’।

 

‘সতীর্থদের বিপদে ফেলতে চাই না’

শুধু পাকিস্তানের অতীত নয়, নিজের পুরনো সতীর্থদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব তাঁর দাবি, প্রাক্তন সতীর্থদের অনেকের সম্পর্কেই তাঁর কাছে এমন তথ্য রয়েছে, যা প্রকাশ্যে আনতে চান না। কারণ, তাতে তাঁদের বিপদে পড়তে হতে পারে।

শোয়েব বলেন, ‘আমার পুরনো সতীর্থদের সম্পর্কে অনেক কিছু বলতে পারি। ওঁরা অতীতে কী কী ভুল করেছে, সে সবও জানি। কিন্তু আমি তাদের বিপদে ফেলতে চাই না। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে পারব না’।

নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেক সময় মনে হত, আমি যেন ২২ জনের বিরুদ্ধে খেলছি! কারণ, যাদের বিরুদ্ধে খেলতাম, তাদের প্রত্যেককেই সন্দেহ হত। কাকে বিশ্বাস করব, বুঝতে পারতাম না’।

খোয়াজার বক্তব্যে সমর্থন

২০১৮ সালের স্যান্ডপেপার বিতর্কে অস্ট্রেলিয়ার গোটা দলই বিষয়টি জানত বলে দাবি করেছেন খোয়াজা। সেই বক্তব্যের সঙ্গে একমত শোয়েবও। তাঁর মতে, বল বিকৃতির মতো ঘটনা কখনও দু’-এক জন ক্রিকেটারের একার সিদ্ধান্ত হতে পারে না।

শোয়েব বলেন, ‘উসমান যা বলেছে, সেটা ঠিক। এটা দলের সিদ্ধান্ত হওয়া উচিত। দু’-এক জন ক্রিকেটারের একার সিদ্ধান্ত হতে পারে না। দুঃখিত, কিন্তু এটাই সত্যি। আমরাও ক্রিকেট বল নিয়ে নানা রকম কাজ করতাম। বল রিভার্স সুইং না করলে ম্যাচ জেতা কঠিন হয়ে যেত। দলের প্রত্যেকেই জানত কী হচ্ছে’।

খোয়াজার সত্যি প্রকাশ্যে আনার সিদ্ধান্তকে সমর্থন করলেও তার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। তিনি বলেন, ‘এখন যা সামনে আসছে, তাতে পুরো বিষয়টা ঘেঁটে গিয়েছে। এমনটা হওয়া উচিত ছিল না। উসমান ঠিকই করেছে। তবে আমার মনে হয়, সত্যিটা প্রকাশ করার জন্য আরও ভাল সময় বেছে নিতে পারত’।

কী হয়েছিল ২০১৮ সালে?

২০১৮ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ক্যামেরন ব্যানক্রফ্টকে বলের উপর স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা যায়। পরে তদন্তে তৎকালীন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ব্যানক্রফ্টকে দোষী সাব্যস্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফ্টকে ন’মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল।

খোয়াজার সাম্প্রতিক দাবি, সেই ঘটনার কথা শুধু এই তিন খেলোয়াড় নয়, দলের প্রত্যেকেই জানতেন। ব্যানক্রফ্টও তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। যদিও অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এই অভিযোগ অস্বীকার করেছেন।

আট বছর আগের সেই বিতর্ক নতুন করে সামনে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির পুরনো ইতিহাস নিয়েও প্রশ্ন উঠছে। আর শোয়েব আখতারের স্বীকারোক্তিতে সেই বিতর্ক এক নতুন মাত্রা পেল বলা যায়।