গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে পাল্টা জমায়েত ও মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।
বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বুধবার রাতে ১০-১৫ জন পড়ুয়া অধ্যক্ষের দফতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। দুই অধ্যাপককে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় নথি স্বাস্থ্য দফতরের হাতে রয়েছে।
শারদ্বত মুখোপাধ্যায়ের অভিযোগ, পড়ুয়াদের একাংশ শিক্ষকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং হুমকিও দিয়েছেন। তাঁর বক্তব্য, এই ঘটনায় চিকিৎসক সমাজের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। কলেজের ১২৫০ জন পড়ুয়ার মধ্যে মাত্র ১০-১৫ জনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগও করেন তিনি।
কিছু সিনিয়র চিকিৎসক আড়াল থেকে পড়ুয়াদের মদত দিচ্ছেন বলেও অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। তাঁর দাবি, কয়েকজনের মুখ প্রশাসনের চেনা। অতীতে তাঁদের বিরুদ্ধে ডিউটি সংক্রান্ত অনিয়মের অভিযোগও ছিল।
তদন্ত কমিটি গঠন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
বুধবার রাতের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। কমিটিতে রয়েছেন দিবাকর হালদার, সুমন্ত হালদার এবং দীপঙ্কর রায়। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখবেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। হাসপাতাল বা রোগীর সঙ্গে কোনও সম্পর্ক নেই, এমন কেউ অশান্তিতে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অধ্যক্ষের ছুটি, পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা
বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের এমএসভিপি। তবে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সেখানে ছিলেন না। অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন এমএসভিপি। আপাতত অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী।
কলেজ সূত্রে খবর, বুধবার রাতে পুলিশি নিরাপত্তায় হাসপাতাল ছাড়ার আগে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অধ্যক্ষ। অভিযোগে তিনি দাবি করেন, ঘেরাও চলাকালীন একদল বহিরাগত কলেজে ঢুকে ভাঙচুর চালায়। ইতিমধ্যেই বুধবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।
‘আগের সরকারের পাপের ফল’, মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারও। তাঁর বক্তব্য, ঘটনার তদন্ত চলছে। আগের সরকারের আমলের বিভিন্ন সমস্যার প্রভাব বর্তমান সরকারকেও সামলাতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তদন্তের ফল প্রকাশ্যে এলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
পাল্টা প্রতিবাদে জুনিয়র চিকিৎসকেরা
বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টোয় হাসপাতাল চত্বরে জমায়েতের ডাক দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। কোনও নির্দিষ্ট সংগঠনের ব্যানার ছাড়াই চিকিৎসক ও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পরে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলেরও পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-সহ একাধিক চিকিৎসক সংগঠন।
আট ইন্টার্নের শো-কজ ঘিরেই অশান্তির সূত্রপাত
উল্লেখ্য, চোরবাগান কাণ্ডে আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং জরুরি বিভাগে জীবনদায়ী ওষুধের অভাব নিয়ে প্রশ্ন তোলায় আট ইন্টার্নকে শো-কজ করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে শো-কজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন অধ্যক্ষ। এর প্রতিবাদেই অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের ঘেরাও করেন মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের সদস্যরা।
পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও চলাকালীন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য-সহ একদল সমর্থক এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের সদস্যেরা সেখানে পৌঁছন। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। বাঁশ দিয়ে কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা এবং করিডরের কাচ ভাঙচুরের অভিযোগও উঠেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি ও এনএমও নেতৃত্ব। বুধবার গভীর রাতে পুলিশি নিরাপত্তায় হাসপাতাল ছাড়েন অধ্যক্ষ। শো-কজ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে এবার প্রশাসন, পড়ুয়া এবং চিকিৎসক সংগঠনগুলির মধ্যে সংঘাত আরও জটিল আকার নিয়েছে।




