মাদক পাচারের অভিযোগে শিয়ালদহে বড়সড় অভিযান চালাল কলকাতা পুলিশের নারকোটিক সেল। উদ্ধার হল ৪১.১৮২ কেজি সন্দেহভাজন গাঁজা। গ্রেফতার করা হয়েছে চারজনকে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ২০.৫৯ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ১৮ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেল স্টেশন ও স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় পরপর দু’টি অভিযান চালানো হয়।
চারটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় ওই মাদক। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ফোন এবং নগদ ১,২৬৪ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে মাদকের চালান নিয়ে কলকাতায় এসেছিল ধৃতরা। শহর ও সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মাদক পাচার রুখতে অভিযান জারি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।




