• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

মাঙ্গলিক কোনও দোষ নয়, কুসংস্কারকে প্রমোট করছি না: সৌমিতৃষা

আসছে সৌমিতৃষা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’। সিরিজের নাম থেকেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু কেন এমন নাম?

মাঙ্গলিক কোনও দোষ নয়, কুসংস্কারকে প্রমোট করছি না: সৌমিতৃষা

আসছে সৌমিতৃষা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’। সিরিজের নাম থেকেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু কেন এমন নাম? এই প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয়ই তাঁরা পর্দায় তুলে ধরার চেষ্টা করেন। যে বিষয়গুলি কুসংস্কারের সঙ্গে জড়িত, সেগুলিও তুলে ধরা হয়েছে সিরিজে। তবে কোনওভাবেই সেই বিশ্বাসকে প্রমোট করা তাঁদের উদ্দেশ্য নয়।

সৌমিতৃষার কথায়, মাঙ্গলিক হওয়া কোনও দোষ নয়। এই বিষয়টি যাঁরা বিশ্বাস করেন না, তাঁদের দৃষ্টিভঙ্গিও আলাদা। মাঙ্গলিককে বিয়ে করলে সঙ্গীর জীবনে বিপদ নেমে আসে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। তাঁর মতে, কারও মাঙ্গলিক হওয়ার সঙ্গে তাঁর সঙ্গীর জীবনে কোনও অশুভ প্রভাবের সম্পর্ক নেই। এই ধরনের ধারণাকেই প্রশ্নের মুখে ফেলবে সিরিজটি।

এই প্রথম অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে কাজ করলেন সৌমিতৃষা। তবে শুটিংয়ের শুরু থেকেই সহ-অভিনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানালেন তিনি। তাঁর কথায়, কাজের ক্ষেত্রে কোনও অতিরিক্ত সিনিয়র-জুনিয়র মনোভাব ছিল না। বরং প্রত্যেকেই তাঁকে আপন করে নিয়েছিলেন।

এর আগে ‘কালরাত্রি’ এবং ‘আতঙ্ক’-এর মতো সিরিজে অভিনয় করেছেন সৌমিতৃষা। তবে ‘মাঙ্গলিক’ একেবারেই অন্য ধরনের কাজ। এই সিরিজে রয়েছে রোম্যান্স, সাসপেন্স এবং থ্রিলারের মিশেল। ট্রেলারেই গল্পের বেশ কিছু ঝলক সামনে এসেছে। আগামী ২০ নভেম্বর থেকে হইচইয়ে স্ট্রিমিং হবে সিরিজটি। বাংলা ছাড়াও হিন্দি, তামিল-সহ একাধিক ভাষায় দর্শকদের কাছে পৌঁছবে এই কনটেন্ট। বাংলা কনটেন্টের এই বিস্তারকে যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন অভিনেত্রী।

সৌমিতৃষার দাবি, সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ‘মাঙ্গলিক’। দর্শক তাঁকে বরাবরই নতুন ধরনের চরিত্রে ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসাই তাঁকে আরও নতুন পরীক্ষা-নিরীক্ষা করার সাহস জোগায়।

আপাতত ছোটপর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁর। তবে ভালো কোনও সুযোগ এলে সিরিয়ালে ফিরতে আপত্তি নেই। একইসঙ্গে জানালেন, নির্দিষ্ট কোনও পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছের চেয়ে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ চরিত্র। পরিচালক বা প্রযোজনা সংস্থার নামের থেকেও গল্পে তাঁর চরিত্রের গুরুত্বকেই বেশি প্রাধান্য দেন তিনি।

বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে চান সৌমিতৃষা। সেই ভাবনা থেকেই বেছে নেন নতুন নতুন গল্প। প্রতিটি কাজেই আগের চেয়ে আলাদা কিছু করার চেষ্টা থাকে তাঁর। অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছেন শ্রীদেবীও। তাঁর মতো কিছু চরিত্রে অভিনয়ের ইচ্ছের পাশাপাশি নানা চ্যালেঞ্জিং ভূমিকায় নিজেকে ভাঙতে ও গড়তে চান সৌমিতৃষা।