মধুচন্দ্রিমায় পাহাড়ে বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে যাওয়া নববধূ নিকিতা সাহা (নিকিতা সাহা দাস) অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন। দীর্ঘ প্রায় দু’মাসের কঠিন লড়াই শেষে বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ওই বধূ। পাহাড়ের হোমস্টেগুলিতে পর্যটকদের অগ্নিনিরাপত্তা এবং গাফিলতির অভিযোগ নিয়ে নতুন করে তীব্র ক্ষোভ শুরু করেছে।
ঘটনার সূত্রপাত গত ১৩ সেপ্টেম্বর। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা এবং তাঁর স্বামী সৌভিক দাস মধুচন্দ্রিমা কাটাতে দার্জিলিং জেলার সিটংয়ের একটি হোম-স্টেতে উঠেছিলেন। সেদিন রাতে হোম-স্টে চত্বরে বার্বিকিউয়ের আয়োজন চলছিল। অভিযোগ, বার্বিকিউয়ের আগুন জ্বালানোর সময় এক কর্মী তাতে দাহ্য তরল পদার্থ ঢেলে দেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং নিকিতার শরীরে আগুন লাগে। হোম-স্টের সিসিটিভি ফুটেজেও সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে হাত পুড়ে জখম হন স্বামী সৌভিকও।
এই দুর্ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরিবার সূত্রে খবর, বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন চারদিন আগে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হতে শুরু করে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়লে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর থেকেই হোম-স্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছিলেন নিকিতার স্বামী ও পরিজনেরা। কার্শিয়াং থানায় দায়ের করা লিখিত অভিযোগে সৌভিক দাস জানান, হোম-স্টেতে অগ্নিনির্বাপক যন্ত্র বা জরুরি পরিস্থিতির মোকাবিলা করার মতো ন্যূনতম কোনও ব্যবস্থা ছিল না। এমনকী দুর্ঘটনার পর হোম-স্টের কর্মীরা দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেননি এবং চিকিৎসার ব্যবস্থা করতেও বিলম্ব করেন বলে অভিযোগ। যদিও হোম-স্টে কর্তৃপক্ষের তরফে চিকিৎসায় বিলম্বের অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
নিকিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই হোম-স্টের মালিক পবন কুমার আগরওয়াল, তাঁর ছেলে নেহাল আইরান এবং দুই কর্মী নাসিরউদ্দিন ও দীপেন লামাকে গ্রেপ্তার করে। ধৃতদের কার্শিয়াং আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট হোম-স্টে সিল করে দেওয়া হয়।
আনন্দের মধুচন্দ্রিমা যে এমন ভয়াবহ বিষাদে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি নিকিতার পরিজনেরা। নিকিতার এক আত্মীয় ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘একটা আনন্দের সফর যে এভাবে সব শেষ করে দেবে, আমরা ভাবতেই পারছি না। ওঁদের সামান্য অসাবধানতা আর নিরাপত্তার অভাবে একটা তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। আমরা দোষীদের কঠোরতম শাস্তি চাই।’




