জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি। রবিবার সকালে ছত্রু এলাকার ঘন জঙ্গলে সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই সংঘর্ষ শুরু হয়। এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে। আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে বাহিনী।
গোপন সূত্রে সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে সেনা ও পুলিশ। পাহাড়ি এবং দুর্গম এই জঙ্গল অতীতে একাধিক বার জঙ্গি কার্যকলাপের জন্য চিহ্নিত হয়েছে। বাহিনী সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় জঙ্গিরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর দুই জঙ্গির মৃত্যু হয়।
Advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহতরা জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য। তাদের সংখ্যা দুই থেকে তিনজন হতে পারে বলে অনুমান। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলছে।
Advertisement
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একই এলাকায় ‘অপারেশন ছত্রু’ চালায় সেনা। সেই অভিযানে একাধিক জঙ্গিকে নিকেশ করা হয়। চলতি বছরের জানুয়ারিতেও কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে অন্তত সাত বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর একটিতে নিহত হয় জইশের শীর্ষ কমান্ডার উসমান, যিনি পাকিস্তান-ভিত্তিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি।
এ মাসের গোড়ায় উধমপুরে আরও দুই জইশ জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের মধ্যে এক জন জইশের কমান্ডার ছিল। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র, বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। নিরাপত্তা বাহিনীর মতে, সীমান্ত পার থেকে মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি এখনও এই পাহাড়ি অঞ্চলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতেই কিশ্তওয়ারে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Advertisement



