দুর্ঘটনার কবলে অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের বাস। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রের খবর, ৪০ জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি এদিন বালতাল বেস ক্যাম্প থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বাসটি গুন্ড এলাকার হারিগানিওয়ানের কাছে এস-মোডের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি পিছলে গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান।
পুলিশ সূত্রের খবর, আহতদের বাস থেকে বের করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। চালক কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না পুলিশ সেটাও তদন্ত করে দেখছে।
এদিকে, চলতি বছরে অমরনাথ যাত্রায় দর্শনার্থীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ছাড়িয়েছে। সোমবার শুধুমাত্র বালতালরুট দিয়ে ১১ হাজার ৯৯৬ জন ভক্ত পবিত্র গুহামন্দিরে দর্শন করেন। এর ফলে অণরনাথ যাত্রার প্রথম ২৫ দিনে দর্শনার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৩৩৯ জন।
উল্লেখ্য, ৫৭ দিনের অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩ জুলাই। মঙ্গলবার সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ৩,০২৯ জন তীর্থযাত্রীকে নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে। তবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলায় এদিন পহেলগাম রুট দিয়ে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: ভারী বৃষ্টি ও ধসের জেরে স্থগিত চারধাম যাত্রা, জারি কমলা সতর্কতা
অন্যদিকে, আগামী ২৯ জুলাই পূর্ণিমা উপলক্ষে পহেলগামে ঐতিহ্যবাহী ছড়ি মুবারক-এর ভূমি পুজো, নবগ্রহ পুজো ও ধ্বজারোহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ছড়ি মুবারকের রক্ষক মহন্ত দীপেন্দ্র গিরির নেতৃত্বে এই ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।




