উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল রাজ্য সরকার। এবার বাগডোগরা বিমানবন্দরের কাছেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার এমনটাই জানালেন রাজ্যের অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
এদিন মাটিগাড়া এলাকায় একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, ‘বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় এইমস গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই স্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
আনন্দময় আরও জানান, ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য একাধিক জমি পরিদর্শন করা হয়েছে। সেই তালিকা থেকেই উপযুক্ত একটি জায়গা চূড়ান্ত করা হবে। জমি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন।
উত্তরবঙ্গে এইমস তৈরি হলে শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারই নয়। এর পাশাপাশি সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্যের বহু রোগীও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলে মনে করছে প্রশাসনের একাংশ। প্রতিমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই স্বাস্থ্য পরিকাঠামোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে উত্তরবঙ্গকে দেশের অন্যতম আধুনিক শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য ও যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য একগুচ্ছ প্রকল্পের রূপরেখা সামনে এনেছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়িতে একটি এইমস, উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, পাহাড়ে রোপওয়ে, দার্জিলিংয়ে ৫০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল।
আরও পড়ুন: ‘গোপন তথ্য অপব্যবহার করার কোনও সুযোগ নেই’, জনগণনার সূচনা করে দাবি মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গের ভবিষ্যত উন্নয়নের জন্য একটি ব্লু-প্রিন্ট তুলে ধরেছিলেন রাজু বিস্তা। এরই মধ্যে বাগডোগরা বিমানবন্দরের কাছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন শনিবার রাজ্যের অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।




