• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

রামমন্দির অনুদান ‘চুরি’ ইস্যুতে সংসদে নাটক, পাপ্পু যাদবের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ

অভিযোগকারী সূর্য মৈথিলীর দাবি, সংসদ চত্বরে পাপ্পু যাদবের ওই প্রতীকী নাটক সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে

রামমন্দির অনুদান ‘চুরি’ ইস্যুতে সংসদে নাটক, পাপ্পু যাদবের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ

Image: ANI

গেরুয়া পোশাক পরে হাতে রামের ছবি নিয়ে মন্দিরের পুরোহিত সেজে সংসদ চত্বরে দেখা যায় বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। তাঁর সামনে রাখা দান বাক্সে সাংসদেরা ভক্তের মতো তাতে অর্থদান করেন। পুরোহিতরূপী পাপ্পু সেই টাকা নিজের পকেটেও পুরে নেন।

শুক্রবার সংসদ চত্বরে এই পথনাটকের সাক্ষী ছিল সংসদ ভবন। নাটকে অভিনয় করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এবার সেই কর্মসূচিকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক দানা বাঁধল। পাপ্পু যাদবের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে দিল্লির জাহাঙ্গীরপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সূর্য মৈথিলীর দাবি, সংসদ চত্বরে পাপ্পু যাদবের ওই প্রতীকী নাটক সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে।

পরে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘পাপ্পু যাদব গেরুয়া পোশাক ও সনাতন ধর্মের প্রতীকের অপমান করেছেন। পার্লামেন্টের বাইরে উনি যে নাটক করেছেন, তাতে রাহুল গান্ধী, ডিম্পল যাদব ও অবধেশ প্রসাদের সমর্থন ছিল। পাপ্পু যাদব ভগবান রামলালার ছবি পায়ের কাছে রেখেছেন, যা সনাতনীদের অনুভূতিতে আঘাত হেনেছ।‘

শুক্রবার সংসদ চত্বরে অনুষ্ঠিত নাটকের মাধ্যমে পাপ্পু যাদব রামমন্দিরের অনুদান তছরুপের অভিযোগ তুলে ধরার চেষ্টা করেন। প্রতিবাদে তাঁর পাশে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা-নেত্রী। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হওয়া উচিত।

অন্যদিকে, এই ঘটনাকে লোকসভার সচিবালয়ও ভালো চোখে দেখেনি বলে খবর। ওই সূত্র অনুসারে, স্পিকার ওম বিড়লা এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সচিবালয় স্পষ্ট জানিয়েছে, সংসদ প্রাঙ্গনে পথনাটক প্রদর্শন বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে সনাতন ধর্মকে অপমান করছে।‘

পাল্টা সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, অযোধ্যায় যা ঘটেছে, তা সকলের সামনে তুলে ধরতেই এই প্রতীকী প্রতিবাদ।‘ অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।