• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

শেষ ম্যাচে কিউবার বিরুদ্ধে দশ গোলের ম্যাচে জয় ভারতের, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অভিযান শেষ হল কত নম্বরে?

প্রথম ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফুটবল উৎসবে ১০টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে লাওস, ক্যামেরুন, বাহরাইন, ত্রিনিদাদ ও টোবাগো

শেষ ম্যাচে কিউবার বিরুদ্ধে দশ গোলের ম্যাচে জয় ভারতের, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অভিযান শেষ হল কত নম্বরে?

India Sign Off With Win Over Cuba Photo-SNS

ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হল জয় দিয়ে। কিউবার বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিয়ে ৬-৪ ব্যবধানে জিতল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। তবে এই জয় সত্ত্বেও ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফুটবল উৎসবে ১৮৯টি দেশের মধ্যে ৮৭ নম্বরের বেশি উঠতে পারল না বিবিয়ানো ফার্নান্ডেজের দল। শুক্রবার বাকুর হোভসান কমপ্লেক্সে ৮৭তম স্থান নির্ধারণের ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করলেন ভিক্টর লালমপুইয়া, নিবাস মেইতেই ওয়াহেংবাম এবং লালরেম রুয়াতফেলা।

শুক্রবার ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন ভিক্টর। কিউবার রক্ষণভাগের এক ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে নিখুঁত শটে জালে বল জড়ান তিনি। ছয় মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ভারত। নিবাস প্রায় ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি। ১২ মিনিটে সেট পিস থেকে তৃতীয় গোল পায় ভারত। সোহিলের ফ্রি-কিক প্রথমে ক্লিয়ার করে যায়, কিন্তু নারা মেইতেই লুশাম্বাম বল ফের বক্সে পাঠালে অরক্ষিত অবস্থায় গোল করেন লালরেম।

১৯ মিনিটে ভারতীয় রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ করে কিউবা। তবে তাতে ভারতের আক্রমণের ঝাঁজ কমেনি। ২২ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করেন নিবাস। পরের মিনিটেই ব্যবধান ৫-১ করেন ভিক্টর। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে কিউবার জালে ঢুকে যায়।

২৭ মিনিটে হয় ভারতের ষষ্ঠ গোল। গোলকিক থেকে পাওয়া বল নিয়ে কিউবার গোলরক্ষককে পরাস্ত করেন লালরেম। প্রথমার্ধেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৬-১ ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে সতর্ক ছিল ভারত। গোলরক্ষক ধান্য দেশাই একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বজায় রাখেন। পরে তাঁকে তুলে জেনিত নিংথৌজামকে নামানো হয়। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় কিউবা। তার পর ৩৪ এবং ৩৯ মিনিটে আরও দু’টি গোল করে তারা। তবে তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।

প্রথম ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফুটবল উৎসবে ১০টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে লাওস, ক্যামেরুন, বাহরাইন, ত্রিনিদাদ ও টোবাগো এবং কিউবার বিরুদ্ধে জয় পেয়েছে তারা। সেনেগাল, হন্ডুরাস, আফগানিস্তান এবং কাজাখস্তানের কাছে হারতে হয়েছে। গ্রেনাডার বিরুদ্ধে ম্যাচটি ড্র হয়। সব মিলিয়ে ১৮৯টি দেশের মধ্যে ৮৭তম স্থানে অভিযান শেষ করল ভারত।

দেশের হয়ে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা লালরেম রুয়াতফেলা। তাঁর সংগ্রহ ৯টি গোল। ভিক্টর করেছেন ৮টি, নিবাসের গোল ৪টি। ম্যাকডনিশ এবং রোনানদেব করেছেন তিনটি করে গোল। বাংলার সৌমজিৎ সরকারের ঝুলিতে একটি গোল।