ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় একটানা বৃষ্টি হয়ে চলেছে। কোথাও মাঝারি তো কোথাও আবার মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শুক্রবার রাতেও কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকটা দিন বৃষ্টি হবে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই ধরনে আবহাওয়া থাকবে। তবে সোমবার হাওড়া, হুগলি উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সমুদ্র উপকূল এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেযে ০.৯ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কম।




