• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ডিসেম্বরেই বঙ্গে চড়চড়িয়ে নামবে পারদ!

ক্রবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহারে। সেখানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমে গিয়েছিল। এদিকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ডিসেম্বরেই বঙ্গে চড়চড়িয়ে নামবে পারদ!

Photo: Pexels

তাপমাত্রার পারদ কমে শীত কামড় বসাতে শুরু করেছে। ডিসেম্বরে রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডার অপেক্ষায় বঙ্গবাসী। তবে এর মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণাবর্তের জেরে রাতের তাপমাত্রা কমলেও এখনই বৃষ্টির দেখা মিলবে না।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জায়গায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।

অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড় ও সমতলের তাপমাত্রার মধ্যে বেশ কিছুটা পার্থক্য থাকবে। শুক্রবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহারে। সেখানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমে গিয়েছিল। এদিকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন: বঙ্গে বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হদিস, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এফএসএসএআই-এর

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তবে ৪-১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।