• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

বঙ্গে বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হদিস, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এফএসএসএআই-এর

এই সংস্থার জলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন-এর খোঁজ মেলে। ব্রোমেট ও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন দুটোই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক হিসেবে পরিচিত। সেই পরীক্ষার পর ফের এই সংস্থার জলকে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়।

বঙ্গে বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হদিস, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এফএসএসএআই-এর

Photo: Pexels

প্রশ্নের মুখে জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরি। জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের কারখানা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনাতেই বিষের খোঁজ মিলল। সংগৃহীত পানীয় জলের নমুনায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট জল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আইনি মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামে অবস্থিত বিসলেরির কারখানা থেকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই নমুনা প্রাথমিক ল্যাবরেটরি ও রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দুটোতেই জল প্রস্তুতকারী সংস্থা পাশ করতে পারেনি।

জানা গিয়েছে, সেই নমুনার রাসায়নিক ও জীবাণুগত পরীক্ষা করার পর জলের মধ্যে ক্ষতিকর ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়ার হদিশ মিলেছে। তদন্তকারীদের অনুমান, জল সরবরাহ লাইনের কোনওভাবে পাইপ ফেটে পানীয় জলে নর্দমার জল মিশে গিয়েছে। এর ফলে সেই জলে জীবাণু সংক্রমণ ঘটেছে।

তদন্তে দেখা গিয়েছে, যে নমুনায় ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে, সেই জলটি পিবি ২০১ ব্যাচের। রিপোর্ট হাতে আসার পরে সেই জল বিক্রি বন্ধ করা হয়। ওই নির্দিষ্ট ব্যাচের সমস্ত পানীয় জলের বিক্রি ও বণ্টন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাজার থেকে ওই ব্যাচের বোতল সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে এফএসএসএআই-এর আধিকারিকেরা বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’-এর নমুনা সংগ্রহ করেছিলেন। প্রথম ধাপের পরীক্ষায় সংস্থার জলে ‘ব্রোমেটে’র মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পাওয়া গিয়েছিল। নিরাপদ পানীয় জলে এর সর্বোচ্চ সীমা ০.০১ মিলিগ্রাম প্রতি লিটার থাকা উচিত। জলে এর পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ছিল।

তারপরেই এফএসএসএআই বিসলেরির জলকে নিরাপদ নয় বলে ঘোষণা করে। এরপরে এফএসএসএআই-এর রিপোর্টের বিরুদ্ধে সংস্থা আপিল করে। রেফারেল ফুড ল্যাবরেটরিতে ফের নমুনা পাঠানো হয়। সেখানে এই সংস্থার জলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন-এর খোঁজ মেলে। ব্রোমেট ও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন দুটোই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক হিসেবে পরিচিত। সেই পরীক্ষার পর ফের এই সংস্থার জলকে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে এফএসএসএআই। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসলেরির দাবি, প্রায় ১৪ মাস আগের একটি ব্যাচের নমুনা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। পরে তারা নিজের উদ্যোগে যে পরীক্ষা করিয়েছিল, তাতে জলের গুণমান ঠিক পাওয়া গিয়েছে। তবে সংস্থার দাবি, তারা এখনও পর্যন্ত এফএসএসএআই-এর কাছ থেকে কোনও আইনি নোটিস পায়নি।