• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে আসছে নতুন লোগো, শীঘ্রই কার্যকর হবে এফএসএসএআই-এর নিয়ম

লোগো থাকা মানেই পণ্যটি ভেজালমুক্ত বা সম্পূর্ণ নিরাপদ, এমন নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এটি মূলত পণ্য শনাক্ত করার জন্য একটি বাধ্যতামূলক লেবেলিং ব্যবস্থা।

দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে আসছে নতুন লোগো, শীঘ্রই কার্যকর হবে এফএসএসএআই-এর নিয়ম

Photo: দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে আসছে নতুন লোগো (AI)

দুধ, দই, পনির, মাখন কিংবা চিজের প্যাকেটে এবার থেকে দেখা যাবে নতুন প্রতীক। দেশের সমস্ত দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেজিংয়ে একটি নির্দিষ্ট লোগো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। আগামী ১ জুলাই, ২০২৮ থেকে এই নিয়ম কার্যকর হবে।

নতুন লোগোতে নীল রঙের বর্গাকার বাক্সের মধ্যে সাদা রঙের একটি দুধের ড্রপের ছবি থাকবে। বিভিন্ন ব্র্যান্ডের পণ্য থেকে সহজেই দুধ ও দুগ্ধজাত সামগ্রী চিহ্নিত করতে পারবেন ক্রেতারা। সেই লক্ষ্যেই এই অভিন্ন পরিচয়চিহ্ন চালু করা হচ্ছে।

এফএসএসএআই-এর তরফে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স (লেবেলিং অ্যান্ড ডিসপ্লে) সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬-এর মাধ্যমে এই নিয়ম চালু করা হয়েছে। গত ৬ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। ৯ নভেম্বর তা ভারতের সরকারি গেজেটে প্রকাশিত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে এই লোগো ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে দুধ, দই, পনির, মাখন, চিজ-সহ বিভিন্ন দুগ্ধজাত খাবার ও কম্পোজিট মিল্ক প্রোডাক্ট। অর্থাৎ, সংস্থার ব্র্যান্ড বা প্যাকেজিংয়ের ধরন আলাদা হলেও নির্ধারিত প্রতীক ব্যবহার বাধ্যতামূলক হবে।

প্যাকেটের সামনের প্রধান প্রদর্শন অংশ বা প্রিন্সিপাল ডিসপ্লে প্যানেল-এর আয়তনের উপর নির্ভর করবে লোগোর ন্যূনতম মাপ। ১০০ বর্গ সেমি পর্যন্ত প্যাকেটে লোগোর মাপ থাকবে ৬ মিমি। ১০০-৫০০ বর্গ সেমি পর্যন্ত হবে ৮ মিমি। ৫০০-২৫০০ বর্গ সেমি পর্যন্ত ১২ মিমি। ২৫০০ বর্গ সেমির বেশি হলে লোগোর মাপ হবে ১৬ মিমি।

নীল বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর ন্যূনতম মাপ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। সাদা দুধের ফোঁটার ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা ও প্রস্থ বজায় রাখতে হবে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল এফএসএসএআই? কর্তৃপক্ষের মতে, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেজিংয়ে দুধ ও দুগ্ধজাত পণ্য সহজে চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়। অভিন্ন লোগো থাকলে কেনাকাটার সময়ে ক্রেতারা দ্রুত এই ধরনের পণ্য চিনতে পারবেন। এর পাশাপাশি দুগ্ধজাত পণ্যের নিয়ন্ত্রক পরিচয় সম্পর্কে সচেতনতা বাড়বে।

তবে মনে রাখতে হবে, এই লোগো কোনও পৃথক গুণমানের শংসাপত্র নয়। লোগো থাকা মানেই পণ্যটি ভেজালমুক্ত বা সম্পূর্ণ নিরাপদ, এমন নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এটি মূলত পণ্য শনাক্ত করার জন্য একটি বাধ্যতামূলক লেবেলিং ব্যবস্থা। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে প্যাকেজিংয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলিকে সময় দেওয়া হয়েছে।