শিখরাই প্রকৃত রাষ্ট্রভক্ত। গুরুদ্বারায় শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে সংখ্যালঘু ইস্যুতে গত তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, তৃণমূল শুধু একটা কমিউনিটিকেই সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে জানত। সেখানে যে শিখ, জৈনরাও আছেন, সেটা মনে থাকত না। তারপর সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে বলে ঝাড়গ্রাম থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়েও রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ নেবে তাও রবিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে একাধিক ভুয়ো এসসি সার্টিফিকেটধারীকে ধরা হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। আর শবর জনজাতি গোষ্ঠীর মানুষদের জন্য নতুন প্রকল্পেরও ঘোষণা করেন তিনি। কলকাতার বড়বাজারের গুরুদ্বারায় অনুষ্ঠান সেরে ঝাড়গ্রাম যান মুখ্যমন্ত্রী। এই দুই জায়গা থেকেই গত সরকারকে তোপ দাগেন তিনি। গুরুদ্বারাতে গিয়ে শিখেদের রীতি-নীতি পালন করে সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘শিখরা সত্যিকারের রাষ্ট্রভক্ত। আমাদের সনাতনকে রক্ষা করেছেন গুরুদেব। যা প্রথা আছে করলাম। আর ওঁরা আমাকে স্বাগত জানিয়েছেন। আমি শুভেচ্ছা জানিয়েছি। আর বলেছি সংখ্যালঘু মানে শুধু একটা কমিউনিটি নয়। শিখরাও সংখ্যালঘু। আগের সরকার সংখ্যালঘু মানে শুধু মুসলমান জানত। সংখ্যালঘু মানে শিখরাও সংখ্যালঘু, বৌদ্ধরাও সংখ্যালঘু, জৈনরাও সংখ্যালঘু।’
অন্যদিকে ঝাড়গ্রামে গিয়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন মুখ্যমন্ত্রীর তোপ, ‘পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এখন শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম। এই সরকার সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেবে। তার জন্য গত কদিন আগেই ফরেস্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। আগের সরকার আদিবাসীদের নাম করে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু এই সরকারের আমলে একটা ভুয়ো এসসি সার্টিফিকেট দিতে দেওয়া হবে না।’
তাছাড়া প্রশাসন যাতে এই ভুয়ো সার্টিফিকেট বিষয়ে কড়া নজর রাখে সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শবর সম্প্রদায়ের মানুষজন এবার থেকে পিভিজিটি স্কিমের সুবিধা পাবেন বলেও জানান তিনি। জাতীয় পিভিজিটির তালিকায় শরব সম্প্রদায় নেই। কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই স্কিমে শবরদের সাহায্য করবে। ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুভেন্দু অধিকারীর কথায়, ‘আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পড়েছিলেন। যারা আদিবাসী নয় তাঁদের ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু এবার আর হবে না। কাউকে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হবে না।’




