কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা নিয়ে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাঁর জন্য পুলিশি নিরাপত্তা বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ ছিল, নিজের লোকসভা কেন্দ্র এলাকায় গেলে তাঁকে নানা ভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। তাঁর দাবি, একাধিকবার তাঁর দিকে ডিম ছোড়া হয়েছে। এমনকী পাথর ছোড়া এবং হামলার মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে নির্বাচনী এলাকায় যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
এর আগে গত ১ অক্টোবর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গেলে নদিয়ার পুলিশ সুপারকে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে। সাংসদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত ছিল। মহুয়া মৈত্রের আবেদনের শুনানিতে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল।
আরও পড়ুন: প্রয়াত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ
উল্লেখ্য, এর আগে ১ সেপ্টেম্বরও এই মামলায় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু পরবর্তী সময়ে ফের ডিম ছোড়া এবং হেনস্থার অভিযোগ ওঠায় আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। তাঁর আবেদনের ভিত্তিতেই পুলিশি নিরাপত্তার নির্দেশ বহাল রাখল আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।




