• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

পারদ পতনে হিমেল হাওয়া বঙ্গে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে

পশ্চিমের জেলাগুলিতে ভোরে শীতের আমেজ বোঝা যাবে। রবিবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলবে

পারদ পতনে হিমেল হাওয়া বঙ্গে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে

Weather Update Photo-ANI

ছটপুজোর প্রাক্কালেই হিমেল হাওয়া বইতে শুরু করল পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। আগামী কদিনে সেই তাপমাত্রা আরও নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেটির জেরে আবার নতুন করে বঙ্গে দুর্যোগ হতে পারে বলে চর্চাও শুরু হয়েছে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। তার প্রভাব পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রাও কমতে চলেছে রাজ্য জুড়ে।

চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়া অফিস জানিয়েছিল, তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কদিনে সেই পারদের পতন আরও হবে বলে জানানো হল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকেই তাপমাত্রা কমতে থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রা নামতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, শনিবারের মধ্যে সেটা আরও সুস্পষ্ট হওয়ার কথা। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে। রবিবার ওই নিম্নচাপ থেকে তৈরি হবে গভীর নিম্নচাপ। উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে এবং সেটা আরও ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার অভিমুখ আপাতত উত্তর-পশ্চিম।

পশ্চিমের জেলাগুলিতে ভোরে শীতের আমেজ বোঝা যাবে। রবিবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলবে। কলকাতা এবং গাঙ্গেয় পশিচমবঙ্গেও রাতে হালকা শীতের অনুভব হবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামবে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৬ শতাংশ।

তাছাড়া ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব উত্তরবঙ্গে পড়বে না বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। তার জেরে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিতে পারদের পতনে খানিক বাধা পেতে পারে। দুর্যোগ কাটলে মেঘমুক্ত আকাশ থাকলে বঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পারদের পতন হবে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শেষেই তাপমাত্রা আরও নামবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।