ফুসফুসের ক্যানসারে দীর্ঘ দিন ভুগছিলেন বাবা। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে কলকাতায় ফিরে গিয়েছিলেন সায়ন ঘোষ। শুক্রবার সন্ধ্যাতেই আবার দলের অনুশীলনে যোগ দিলেন বাংলার পেসার।
ক্রিকেটের বাইশ গজে লড়াইটা অনেক সময় শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে হয় না। কখনও নিজের মনের সঙ্গেও লড়তে হয়। বাবাকে হারানোর শোক ভোলা সম্ভব নয় এত তাড়াতাড়ি। তার মধ্যেই আবার ক্রিকেটে ফিরলেন বাংলার পেসার সায়ন ঘোষ। বাবার শেষ ইচ্ছা ছিল ছেলে ক্রিকেট খেলুক। সেই ইচ্ছাকে সম্মান জানাতেই যেন আবার বাংলার ড্রেসিংরুমে ফিরে এলেন তিনি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলতে বুধবার দলের সঙ্গে মুম্বইয়ে পৌঁছেছিলেন সায়ন। কিন্তু বৃহস্পতিবার ভোরে আসে দুঃসংবাদ। ফুসফুসের ক্যানসারে দীর্ঘ দিন ভুগছিলেন তাঁর বাবা। শেষ পর্যন্ত প্রয়াত হন তিনি। বাবার মৃত্যুর খবর পেয়েই মুম্বই থেকে কলকাতায় ফিরে আসেন বাংলার পেসার। পরিবারের পাশে থাকা এবং শেষকৃত্যে যোগ দেওয়াই তখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেট কার্যত পিছনের সারিতে চলে গিয়েছিল।
কিন্তু শোকের মধ্যেও শুক্রবার সন্ধ্যায় ফের মুম্বইয়ে বাংলার শিবিরে যোগ দেন সায়ন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের অনুশীলনেও হাজির ছিলেন তিনি। কর্ণাটকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন বাংলার এই পেসার। পরিচিত পরিবেশে ফিরে আসার মধ্যেই খুঁজে নিতে চেয়েছেন মানসিক শক্তি।
সায়নের ফিরে আসার খবর নিশ্চিত করে সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বলেন, ‘সায়ন দলের সঙ্গে, সতীর্থদের সঙ্গে থাকতে চেয়েছে। এই কঠিন সময়ে আমরা সব সময় ওর পাশে থাকব’।
আরও পড়ুন: কুলদীপকে দেশে ফেরত পাঠিয়ে টেস্ট দলে গুরনুর, সাইফার্টকে আউট করে তেড়ে যাওয়ার পুরস্কার?
সায়নের এই ঘটনা মনে করিয়ে দেয় ২৫ বছর আগে শচীন তেন্ডুলকরের পিতৃহীন হওয়ার ঘটনা। তখন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলছিলেন শচীন। বাবার শেষকৃত্য সেরে বিশ্বকাপে ফিরেই দেশকে বাঁচিয়েছিলেন শচীন! মায়ের এক কথায় বদলে গিয়েছিল তাঁর সিদ্ধান্ত।
১৯৯৯ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে যখন খেলতে নেমেছিল ভারত, পরিস্থিতি তখন বেশ কঠিন। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও হেরে গিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের দল। ফলে সুপার সিক্সে ওঠার আশা বাঁচিয়ে রাখতে কেনিয়ার বিরুদ্ধে জেতা ছিল কার্যত বাধ্যতামূলক।
কিন্তু সেই ম্যাচের আগে ধাক্কাটা সামলাতে হয়েছিল শচীনকে। বিশ্বকাপ শুরু হওয়ার পরেই প্রয়াত হন তাঁর বাবা রমেশ তেন্ডুলকর। বাবার শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরে আসেন শচীন। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচেও হেরে যায় ভারত।
বাবার মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন শচীন। দেশে ফিরে এসেছিলেন পরিবারের কাছে। কিন্তু তাঁর মা বুঝেছিলেন, এই কঠিন সময়ে ছেলের পাশে যেমন পরিবারকে প্রয়োজন, তেমনই প্রয়োজন দলেরও। শচীন পরে জানিয়েছিলেন, তাঁর মা তাঁকে বুঝিয়েছিলেন, দলের সতীর্থদের পাশে দাঁড়ানোও তাঁর দায়িত্ব। তাঁর বাবাও বেঁচে থাকলে সেটাই চাইতেন।
মায়ের আশীর্বাদ নিয়েই আবার ইংল্যান্ডে ফিরে যান শচীন এবং কেনিয়ার বিরুদ্ধে মাঠে নামেন। সেই ম্যাচে শচীনকে ওপেন করতে নামানো হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় ও সদগোপন রমেশ ওপেন করেন। ৯২ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ার পরে চার নম্বরে ব্যাট করতে নামেন শচীন এবং রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে কেনিয়ার বোলারদের কার্যত ছিন্নভিন্ন করে দেন তিনি।
তৃতীয় উইকেটে দু’জনে যোগ করেন ২৩৭ রান। মাত্র ১০১ বলে ১৪০ রান করেন শচীন। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার এবং তিনটি ছয়। অন্য প্রান্তে দ্রাবিড় ১০৯ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ভারত ইনিংস শেষ করে ৩২৯/২ রানে এবং ৯৪ রানে ম্যাচ জেতে।
সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। কিন্তু কেনিয়ার বিরুদ্ধে শচীনের সেই ইনিংস আলাদা জায়গা করে নেয় ক্রিকেটপ্রেমীদের মনে। সেদিন তিনি যেমন বাবাকে হারানোর যন্ত্রণা নিয়েই দেশের হয়ে ব্যাট করতে নেমেছিলেন, তেমনই বাংলার সায়নও একই ভাবে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিলেন।
আরও পড়ুন: শেষ মুহূর্তে ফাজিলার গোল, আইডব্লিউএলে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও সায়নের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোরে আমরা খবরটা পেয়েছিলাম। সায়ন বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু ওর ইচ্ছা ছিল আবার দলের সঙ্গে যোগ দেওয়ার। ওর বাবা দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। বাবা সব সময় চাইতেন, সায়ন ক্রিকেট খেলুক। তাই বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই সায়ন আবার দলের কাছে ফিরে আসতে চেয়েছে। পাশাপাশি সতীর্থদের সঙ্গে থাকলেও ও কিছুটা মানসিক স্বস্তি পাবে’।
সেই সঙ্গে কোচ জানিয়ে দেন মহম্মদ শামি, মুকেশ কুমারের সঙ্গে সায়নও আজ কর্নাটকের বিরুদ্ধে বাংলার এগারো জনের দলে থাকবেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটেয়।
সায়নের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে সিএবি এবং বাংলার টিম ম্যানেজমেন্ট। ব্যক্তিগত জীবনের এমন কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন কর্তারা। বাবাকে হারানোর যন্ত্রণা সহজে ভোলার নয়। কিন্তু সেই শোককে সঙ্গী করেই যে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার পেসার, এই মানসিকতার কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
ক্রিকেটের প্রতি বাবার ভালবাসা, ছেলের খেলার স্বপ্ন—সায়নের ফিরে আসার পিছনে সেটাই সবচেয়ে বড় প্রেরণা। বাবার স্মৃতিকে সঙ্গে নিয়েই এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফির লড়াইয়ে নামছেন তিনি।
দেখুন:




