• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

১১ সেপ্টেম্বরের পর ফের কয়েক ঘণ্টার জন্য আমেরিকা জুড়ে বন্ধ বিমান চলাচল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম আমেরিকা থেকে সমস্ত বহির্গামী বিমানের উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হল

১১ সেপ্টেম্বরের পর ফের কয়েক ঘণ্টার জন্য আমেরিকা জুড়ে বন্ধ বিমান চলাচল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

Photo: Xinhua via IANS

শুক্রবার কয়েক ঘণ্টার জন্য কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল আমেরিকার বিমান পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নির্দেশ দেয়। আমেরিকা থেকে ছেড়ে যাওয়া সমস্ত বিমান আপাতত বাতিল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই প্রথম আমেরিকা থেকে সমস্ত বহির্গামী বিমানের উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হল। স্বাভাবিকভাবেই এর জেরে চরম দুর্গোগে পড়েন হাজার হাজার যাত্রী।

প্রায় চার ঘণ্টা পর অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয় এফএএ। উল্লেখ্য, ২০২৩ সালের ১১ জানুয়ারিও প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকার সমস্ত অভ্যন্তরীণ বিমানের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সে বার এফএএ-র নোটাম (নোটিস টু এয়ার মিশনস) কম্পিউটার ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দিয়েছিল। তবে দেশের বাইরে যাওয়ার সমস্ত বিমানের উপর নিষেধাজ্ঞা জারির ঘটনা ২০০১ সালের পর এই প্রথম ঘটলো।

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনও জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সেই সম্ভাবনা নস্যাৎ করেছে মার্কিন প্রশাসন। জানানো হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় যোগাযোগের সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নিয়ে হয়েছিল। এর প্রভাব পড়েছে ১১ হাজারেরও বেশি বিমানের উড়ান সূচিতে। নিষেধাজ্ঞা উঠে গেলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে আটকে পড়া যাত্রীদের ভিড়ও ক্রমশ বাড়তে থাকে।