• facebook
  • twitter
  • youtube
Sunday, 8 November, 2026

কালীপুজোর সকালে কমল তাপমাত্রা, কার্তিক মাসেই শীতের আগমন ঘটতে চলেছে?

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। বজায় থাকবে হিমেল আমেজও। সোমবার থেকে বৃষ্টির

কালীপুজোর সকালে কমল তাপমাত্রা, কার্তিক মাসেই শীতের আগমন ঘটতে চলেছে?

Weather Update Photo-SNS

এখন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তাতেই রাতে এবং ভোরবেলা শিরশিরে ঠাণ্ডা ভাব অনুভূত হচ্ছে। জানালা দিয়ে ঢুকছে হালকা হিমেল হাওয়া। তবে কি চলতি বছর জাঁকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গে? উঠছে প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং জেলার তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই হিমেল আমেজ স্থায়ী হবে না বেশি দিন। আর কালীপুজোর সকাল থেকে শহর থেকে জেলাগুলি রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। সেইসঙ্গে কমল তাপমাত্রাও। তাই কার্তিক মাসেই শীতের আগমন ঘটতে পারে এমন ধরে নিচ্ছেন অনেকেই। যদিও আগামী সপ্তাহ থেকে বড় হাওয়া বদলের ইঙ্গিত মিলছে।

রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি। রঙের মেলা থেকে শুরু করে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কলকাতা। উৎসবের মরশুমে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজায় থাকছে হিমেল আমেজ। তবে কালীপুজোর পর থেকে বদল গতে পারে আবহাওয়ায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭-১৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ, কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে আবহাওয়ায় বদল দেখা যাবে। কালীপুজোর পর বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই আকাশের মুখভার থাকবে। তাই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। বজায় থাকবে হিমেল আমেজও। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আর উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলায়। তবে বৃহস্পতিবার থেকে আবার হাওয়া বদল, কমবে বৃষ্টির সম্ভাবনা।

তাছাড়া উত্তরবঙ্গে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার বদল ঘটতে চলেছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুকনো আবহাওয়া থাকবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সমতলের তিন জেলায় শুকনো আবহাওয়া থাকবে।