• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

৫০ বছর পরেও ‘ড্যাডি কুল’! শাহরুখ-করিনার ‘কিং’-এ ফিরল বনি এম-এর ১৯৭৬ সালের ডিস্কো হিট

গানের ঝলকে নজর কেড়েছে শাহরুখের সাজও। গলায় রয়েছে ৮.২১ ক্যারাটের হিরের নেকলেস, যার আনুমানিক দাম ৮৬.৭০ লক্ষ টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে

৫০ বছর পরেও ‘ড্যাডি কুল’! শাহরুখ-করিনার ‘কিং’-এ ফিরল বনি এম-এর ১৯৭৬ সালের ডিস্কো হিট

Image: SNS

ডিস্কোর সেই চেনা ছন্দ, ঝলমলে আলো আর নাচের তালে ফের মাতল বলিউড। প্রায় ৫০ বছর আগে মুক্তি পাওয়া বনি এম-এর জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’ এবার নতুন রূপে ফিরেছে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এ। আর এই গানে একসঙ্গে নাচের মঞ্চে দেখা গিয়েছে শাহরুখ খান ও করিনা কপুরকে। ছবির প্রথম গানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোমান্টিক মেজাজে দেখা গিয়েছিল শাহরুখকে। দ্বিতীয় গানটিতে একেবারে পার্টিমুড উঠে এসেছে।

সমাজমাধ্যমে গানের ঝলক ভাগ করে শাহরুখ লিখেছেন, ‘ব্যাক উইথ বেবো… গান ওল্ড স্কুল… বাট স্টিল কুল!’  উল্লেখ্যস ২০১১ সালে ‘রা.ওয়ান’ ছবিতে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ ও করিনাকে। প্রায় ১৫ বছর পর তাঁদের এই জুটি ফিরতেই নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। অনেকেই নতুন গানের সঙ্গে ‘রা.ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছাম্মক ছাল্লো’-র তুলনা করছেন।

গানের ঝলকে নজর কেড়েছে শাহরুখের সাজও। গলায় রয়েছে ৮.২১ ক্যারাটের হিরের নেকলেস, যার আনুমানিক দাম ৮৬.৭০ লক্ষ টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাশাপাশি শাহরুখের পুরনো ছবি ‘ইয়েস বস’, ‘রা.ওয়ান’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর নানা ইঙ্গিতও খুঁজে পেয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: জন্মদিনে ‘কিং’ ছবির গান প্রকাশ্যে, ‘তু মিল যায়ে’ গানে ধরা পড়ল শাহরুখ-দীপিকা কেমিস্ট্রি, নজর কাড়ল অরিজিৎ-এড শিরানের যুগবন্দি

তবে ‘ড্যাডি কুল’ গানের সঙ্গে শাহরুখের সম্পর্ক নতুন নয়। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া মহেশ ভট্ট পরিচালিত ‘চাহাত’ ছবিতেও একই নামে একটি গান ছিল। ২০০৯ সালে সুনীশ শেট্টির ‘ড্যাডি কুল’ জয়েন দ্য ফান ছবিতেও গানটির নতুন সংস্করণ ব্যবহার করা হয়েছিল।

মূল গানটির জন্ম ১৯৭৬ সালের ৩১ মে। জার্মানির জনপ্রিয় পপ গ্রুপ বনি এম এই গান লিখেছিলেন ফ্রাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম। গানটির প্রযোজকও ছিলেন ফারিয়ান। শুরুর দিকে গানটি বিশেষ জনপ্রিয়তা পায়নি। কিন্তু জার্মান টেলিভিশনের অনুষ্ঠান ‘মিউজিকলাডেন’-এ বনি এম-এর পরিবেশনার পর বদলে যায় ছবিটা। প্রতি সপ্তাহে প্রায় এক লক্ষ কপি বিক্রি হতে শুরু করে। জার্মানির চার্টে শীর্ষস্থান দখলের পাশাপাশি ১৯৭৬ সালের ডিসেম্বর নাগাদ ব্রিটেনের সেরা দশেও জায়গা করে নেয় এটি।

পরবর্তী সময়ে ফ্রান্স ও জার্মানিতে গোল্ড সার্টিফিকেশন এবং বেনেলাক্স দেশগুলিতে প্লাটিনাম স্বীকৃতি পায় গানটি। ১৯৮৬, ১৯৯৯ ও ২০০১ সালে একাধিক নতুন সংস্করণ প্রকাশিত হয়। ২০২১ সালেও জার্মান ডিজে জুটি লিজোট গানটির রিমিক্স প্রকাশ করে।

বনি এম-এর অন্যতম জনপ্রিয় সদস্য ববি ফ্যারেল ২০১০ সালে প্রয়াত হন। কিন্তু তাঁর নাচের সঙ্গে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠা গানটি আজও সমান জনপ্রিয়। এবার শাহরুখ-করিনার হাত ধরে বলিউড়ের পর্দায় ফিরছে সেই পুরনো ডিস্কো ম্যাজিক। ১৯৭৬-এর সুর যে ২০২৬-এও পার্টির মেজাজ তৈরি করতে পারে, ‘ড্যাডি কুল’-এর নতুন সংস্করণ যেন তারই প্রমাণ।

দেখুন: