• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

আজ যুবভারতীতে পরিসংখ্যান বদলাতে মরিয়া হাবাস, মোহনবাগানকে দশ নম্বর জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দিমপেরিস

ডার্বির আগে চাপ কতটা? প্রশ্ন শুনে অদ্ভুত তুলনা টানলেন হাবাস। তাঁর কথায়, 'ডার্বির আগে অনুভূতিটা অনেকটা দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো।'

আজ যুবভারতীতে পরিসংখ্যান বদলাতে মরিয়া হাবাস, মোহনবাগানকে দশ নম্বর জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দিমপেরিস

Image: X

ডার্বি মানেই আবেগ, উত্তেজনা এবং মর্যাদার লড়াই। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। মরসুমের প্রথম ডার্বিতে দুই দলের লক্ষ্য অবশ্য আলাদা। এক দিকে লিগের শীর্ষস্থান ধরে রাখতে চাইছে মোহনবাগান। অন্য দিকে, আইএসএলে সবুজ-মেরুনের বিরুদ্ধে দীর্ঘদিনের জয়খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল।

এই ডার্বি ইস্টবেঙ্গলের স্প্যানিশ মহাগুরু আন্তোনিও লোপেজ হাবাসের কাছেও বিশেষ। এর আগে একাধিক পর্বে মোহনবাগানের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে সবুজ-মেরুনকে আইএসএল লিগ-শিল্ডও জিতিয়েছিলেন। এ বার সেই হাবাসই ইস্টবেঙ্গলের ডাগআউটে। পুরনো দলের বিরুদ্ধে নতুন দায়িত্ব নিয়ে নামছেন স্প্যানিশ কোচ।

ডার্বির আগে চাপ কতটা? প্রশ্ন শুনে অদ্ভুত তুলনা টানলেন হাবাস। তাঁর কথায়, ‘ডার্বির আগে অনুভূতিটা অনেকটা দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো।’ তবে সেই চাপ যাতে ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সে দিকেও সতর্ক তিনি।

আরও পড়ুন: ফের চার গোলে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, দলের দুর্দশা দেখে কী বললেন পোচেত্তিনো? সমর্থকদের কী বার্তা নতুন কোচের?

লিগের পরিসংখ্যান অবশ্য মোহনবাগানের পক্ষেই। দুই দলের মধ্যে আইএসএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ন’টিতে জিতেছে মোহনবাগান। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এখনও অপরাজিত সবুজ-মেরুন। এই পরিসংখ্যান বদলানোই হাবাসের অন্যতম লক্ষ্য। তিনি বলেছেন, ‘আমরা এই পরিসংখ্যান বদলাতে চাই।’

ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান। শেষ পাঁচটি ম্যাচেই জিতেছে তারা। অন্য দিকে, চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইস্টবেঙ্গল। লিগে ১৪টি গোল করলেও সাম্প্রতিক ম্যাচে ধারাবাহিকতার অভাব রয়েছে লাল-হলুদ শিবিরে। চেন্নাইয়িন এফসি-র কাছে ৩-৫ গোলে হার এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ২-২ ড্র সেই ছবিই তুলে ধরেছে।

তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আল হুসেনের বিরুদ্ধে ১-০ গোলের জয় কিছুটা স্বস্তি দিয়েছে ইস্টবেঙ্গলকে। জিকসন সিং-এর শেষ মুহূর্তের গোলে জয় এসেছে। সেই আত্মবিশ্বাস ডার্বিতেও কাজে লাগাতে চান হাবাস। যদিও ব্যস্ত সূচি এবং পর্যাপ্ত অনুশীলনের অভাব নিয়ে উদ্বেগ রয়েছে তাঁর। ক্রিস্টোফার ইকোনোমিডিস এই ম্যাচে খেলতে পারবেন না। এডমন্ড লালরিন্দিকাও সম্ভবত থাকছেন না।

অন্য দিকে, মোহনবাগান কোচ দিমপেরিস মনে করেন, ডার্বির ভাগ্য নির্ধারিত হয় ছোট ছোট মুহূর্তে। ফুটবলারদের মনোযোগ এবং আবেগের উপর অনেক কিছু নির্ভর করে। তিনি বলেছেন, ম্যাচের ফল এবং ভারসাম্য অনেকটাই নির্ভর করে নির্দিষ্ট কিছু মুহূর্ত, মনোযোগ এবং ফুটবলারদের আবেগ ও একাগ্রতার উপর।’

আরও পড়ুন: ফের চার গোলে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, দলের দুর্দশা দেখে কী বললেন পোচেত্তিনো? সমর্থকদের কী বার্তা নতুন কোচের?

ডার্বিতে জয়ের পরিসংখ্যানে আরও উন্নতির লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন মোহনবাগান কোচ। তাঁর বক্তব্য, ‘পরিসংখ্যান আমাদের পক্ষে রয়েছে। এ বার আমাদের লক্ষ্য তাকে ১০টি জয় এবং দু’টি ড্র-তে নিয়ে যাওয়া।’

তবে শেষ কয়েকটি ম্যাচে গোল হজম করার প্রবণতা ভাবাচ্ছে দিমপেরিসকে। ব্যক্তিগত ভুল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি কমানোর উপর জোর দিচ্ছেন তিনি। সাহাল আবদুল সামাদ ও মিগেল ফিগেইরা না থাকায় মাঝমাঠের আক্রমণ তৈরির ক্ষেত্রেও পরিবর্তন করতে হতে পারে তাঁকে। অনিরুদ্ধ থাপার উপর তাই বাড়তি দায়িত্ব। ভারতীয় ফুটবলে অনিরুদ্ধকে অন্যতম সেরা মিডফিল্ডার বলে উল্লেখ করে কোচের মন্তব্য, ‘ভারতে আট নম্বর পজিশনে অনিরুদ্ধই সেরা।’ তাঁর নেতৃত্বেরও প্রশংসা করেছেন দিমপেরিস।

ডার্বির আবেগ কতটা গভীর, তা বোঝাতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মোহনবাগানের দেজান দ্রাজিচ। তিনি বলেছেন, ‘এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ, উত্তেজনা এবং ভালবাসা। শেষ পর্যন্ত যদি শহর একটাই হয়, তা হলে পরের দিন সেই শহরকে একটাই জার্সিতে দেখতে চাই।’ তাঁর সংযোজন, ‘পরের দিন সকালে স্কুলে প্রত্যেক শিশুই সেই দলের জার্সি পরে যাবে, যারা ডার্বি জিতবে।’

অর্থাৎ শুধু তিন পয়েন্ট নয়, সোমবার সকালে শহরের কোন রঙের জার্সি বেশি দেখা যাবে, তার লড়াইও রবিবারের ডার্বি। ইস্টবেঙ্গলের কাছে লিগে মোহনবাগানের বিরুদ্ধে ইতিহাস বদলানোর সুযোগ। আর সবুজ-মেরুনের সামনে আধিপত্য আরও বাড়ানোর হাতছানি।

কিক অফ: রবিবার, ২৯ নভেম্বর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
ভেন্যু: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
সম্প্রচার: ISL-এর ইউটিউব চ্যানেল এবং সোনি স্পোর্টস নেটওয়ার্ক।

দেখুন: