• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

দুই দাঁতালের মুখোমুখি সংঘর্ষ! বানারহাটে হাতির লড়াই ঘিরে চাঞ্চল্য

রবিবার সকালে এমন বিরল দৃশ্য দেখা গেলে জলপাইগুড়ির বানারহাটের ভারত-ভুটান সীমান্তবর্তী চামুর্চি এলাকায়

দুই দাঁতালের মুখোমুখি সংঘর্ষ! বানারহাটে হাতির লড়াই ঘিরে চাঞ্চল্য

Image: AI

দুই দাঁতালের মুখোমুখি লড়াই।  কখনও একে অপরকে তাড়া করছে তো আবার কখনও পিছিয়ে যাচ্ছে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ কিছুক্ষণ ধরে চলে এই লড়াই। রবিবার সকালে এমন বিরল দৃশ্য দেখা গেলে জলপাইগুড়ির বানারহাটের ভারত-ভুটান সীমান্তবর্তী চামুর্চি এলাকায়। দুই হাতির লড়াই ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ডুয়ার্সের চামুর্চি সীমান্তবর্তী এলাকায় আচমকাই মুখোমুখি হয়ে যায় দু’টি দাঁতাল হাতি। বন দপ্তর সূত্রে খবর, রেতি জঙ্গল থেকে হাতির একটি দল বেরিয়ে মরাঘাট অথবা ডায়না জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় দলের দুই হাতির মধ্যে কোনও কারণে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যে শুরু হয় তুমুল লড়াই।

আরও পড়ুন: বিনিয়োগ টানতে মুম্বাইয়ে যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শিল্পপতিদের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

দুই দাঁতালের শুঁড় উঁচিয়ে একে অপরের দিকে তেড়ে যাওয়ার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেন। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বনকর্মীদের প্রাথমিক অনুমান, এলাকা দখলকে কেন্দ্র কেই দুই হাতির মধ্যে লড়াই বাধে। তবে সঙ্গিনীকে কেন্দ্র করে লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

চামুর্চি সীমান্তবর্তী এলাকাটি মূলত চা বাগান, নদী ও বনাঞ্চলে ঘেরা। সাধারণত নিরিবিলি এই এলাকায় রবিবার সকালে দুই হাতির হুঙ্কারে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়দের আশঙ্কা ছিল, লড়াই করতে করতে হাতি দু’টি  লোকালয়ে ঢুকে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারে। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। একটি হাতি পিছু হটতেই থামে সংঘর্ষ। স্বস্তি ফেরে স্থানীয়দের মধ্যে। বন দপ্তর সূত্রে খবর, এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

দেখুন: