• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

মাথায় পর পর দু’বার বলের আঘাত, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ! পরিবর্ত প্রসিদ্ধ কৃষ্ণ

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় আকাশ দীপের হেলমেটে বল লাগে। তাঁর পরিবর্ত হিসেবে কনকাশন সাবস্টিটিউটের অনুমতি পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। বিসিসিআইয়ের মেডিক্যাল দল আকাশের শারীরিক অবস্থার উপর নজর রাখছে

মাথায় পর পর দু’বার বলের আঘাত, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ! পরিবর্ত প্রসিদ্ধ কৃষ্ণ

Image: X

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিপাকে ভারত। তার উপর চোটের ধাক্কা। ম্যাচের তৃতীয় দিন মাথায় পর পর দু’বার বলের আঘাত লাগার পর কনকাশনে আক্রান্ত হয়ে ছিটকে গেলেন আকাশ দীপ। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেওয়া হয়েছে। ফলে ম্যাচের বাকি অংশে ভারতীয় বোলিং আক্রমণে বড় দায়িত্ব সামলাতে হবে প্রসিদ্ধকে।

রবিবার হ্যাগলি ওভালে তৃতীয় দিনের খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের শর্ট বলের সামনে পড়েন আকাশ। প্রথমে জ্যাকব ডাফির ডেলিভারি তাঁর হেলমেটে আঘাত করে। পরে কাইল জেমিসনের বলেও মাথায় আঘাত পান তিনি। পর পর দু’বার বলের আঘাত লাগায় উদ্বেগ বাড়ে ভারতীয় শিবিরে।

আরও পড়ুন: প্রতিপক্ষকে ফেভারিট মানলেও পরিসংখ্যান বদলাতে চান স্প্যানিশ মহাগুরু, বললেন- ডার্বি যেন দাঁতের ডাক্তার দেখানোর মতো

প্রাথমিক পরীক্ষার পর ব্যাটিং চালিয়ে যান আকাশ। শুধু তাই নয়, ব্যাট হাতে লড়াইও করেন তিনি। ৫২ বলে ২৯ রান করেন বাংলার এই পেসার। ধ্রুব জুরেলের সঙ্গে অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ ৪৬ রানের জুটি গড়েন। কিন্তু পরে তাঁর কনকাশনের লক্ষণ দেখা দেয়। চিকিৎসকদের পরীক্ষার পর তাঁকে ম্যাচের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করার সময় আকাশ দীপের হেলমেটে বল লাগে। তাঁর পরিবর্ত হিসেবে কনকাশন সাবস্টিটিউটের অনুমতি পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। বিসিসিআইয়ের মেডিক্যাল দল আকাশের শারীরিক অবস্থার উপর নজর রাখছে।

প্রসিদ্ধ অবশ্য এই সিরিজে একেবারে নতুন নন। ওয়েলিংটনে প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে তিনটি উইকেটও নিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। এ বার আকাশের পরিবর্ত হিসেবে আবার মাঠে নামার সুযোগ পেলেন কর্নাটকের এই পেসার।

আরও পড়ুন: ডার্বির আগেই হঠাৎ ধাক্কা সবুজ-মেরুন শিবিরে, দেশে ফিরে গেলেন মিগুয়েল, তবু জেতার আশা ছাড়ছেন না কোচ প্যানোস

তবে এই নিয়েও সমাজ মাধ্যমে ঝড় উঠেছে। কেন এবারেও মহম্মদ সিরাজকে দলে নেওয়া হল না, সেই প্রশ্ন উঠছে আবার। অনেকেই মনে করছেন, এবার গৌতম গম্ভীর ও সিরাজের মধ্যে ইগোর লড়াই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু কী কারণে এই ইগোর লড়াই, তা অবশ্য জানা যায়নি।

আকাশের ছিটকে যাওয়া ভারতের কাছে বড় ধাক্কা। কারণ, প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন ৯৯ রান দিয়ে। ব্যাট হাতেও দলের কঠিন সময়ে ২৯ রান করে অবদান রেখেছেন।

এ দিকে ধ্রুব জুরেলের ৮৮ রানের লড়াকু ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৪৬ রান তোলে ভারত। ফলে ১১০ রানের লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের রান ২ উইকেটে ৯২। সব মিলিয়ে ২০২ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। এই পরিস্থিতিতে আকাশের অনুপস্থিতি ভারতের বোলিং আক্রমণকে কতটা দুর্বল করে দেয়, সেটাই এখন দেখার।

দেখুন: