একের পর এক হার। বদলাচ্ছে না ছবিটা। কোচ বদলেও ভাগ্য ফিরছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। লিভারপুলের কাছে চার গোলে হারের পর এ বার নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের কাছেও একই ব্যবধানে হারল তারা। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরানোর উপর জোর দিচ্ছেন নতুন কোচ মরিসিয়ো পোচেত্তিনো।
ম্যাচের পর পোচেত্তিনো বলেন, ‘৪-০ গোলে হারলে পরিস্থিতিটা মোটেই ভাল দেখায় না। আমাদের একজোট থাকতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। ভুলগুলো শুধরে উন্নতি করার চেষ্টা করতে হবে। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখনই জানতাম পরিস্থিতি কঠিন। এই বাস্তব মেনে নিয়েই এগোতে হবে।’
আরও পড়ুন: ঘরের মাঠে হার রিয়ালের, লাল কার্ড বেলিংহ্যামকে! টানা ১০ জয়ের দৌড় শেষ মোরিনিয়োর দলের
ম্যাচের প্রথম ১৫-২০ মিনিট ভাল খেলেছিল ইউনাইটেড। কিন্তু প্রথম গোল হজম করার পরই যেন ভেঙে পড়ে দল। সেই প্রসঙ্গে পোচেত্তিনোর ব্যাখ্যা, ‘আমার মনে হয়, প্রথম ২০ মিনিটে আমরা ব্রেন্টফোর্ডের চেয়ে ভাল খেলছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের হাতে ছিল। কিন্তু প্রথম গোল খাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। তার পর আমরা এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করি, যার বড় মাশুল দিতে হয়েছে। গোল খাওয়ার পরেও আমাদের একই ভাবে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল’।
দলের সমস্যা যে শুধুই আত্মবিশ্বাসের অভাব নয়, সেটাও স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ। তাঁর মতে, একাধিক ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। পোচেত্তিনো বলেন, ‘এটা শুধু একটা সমস্যার বিষয় নয়। অনেকগুলো জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা সেই চেষ্টা করছি। ফুটবল এমন একটা খেলা, যেখানে ভাল কাজ করলেও তার ফল পেতে সময় লাগে। কিন্তু হারলে সব কিছুর জন্যই জবাবদিহি করতে হয়। আমরা দায়িত্ব নিচ্ছি এবং কাজ করে যাব।’
দলের ফুটবলারদের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। পচেত্তিনোর কথায়, ‘এই মুহূর্তে ফুটবলারদের প্রতি আমাদের সমর্থন নিঃশর্ত। আমরা ওদের আরও উন্নতি করার জন্য চাপ দেব। ওরা হতাশ, সেটা স্বাভাবিক। কিন্তু এই যন্ত্রণা অনুভব করতে হবে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।’
এই হারের ফলে ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ১৯ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অবনমন অঞ্চলের আতঙ্ক ক্রমশ বাড়ছে। অন্য দিকে, এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে ব্রেন্টফোর্ড। পরের ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধে নামার আগে পোচেত্তিনোর সবচেয়ে বড় পরীক্ষা এখন দলের আত্মবিশ্বাস ফেরানো।
দেখুন:




