• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

ফাদার্স ডে-র আগেই গ্রেপ্তার জঙ্গির বাবা, কিস্তওয়ারে অভিযানে উদ্ধার অস্ত্রের ভাণ্ডার

নিরাপত্তা বাহিনী বর্তমানে কিস্তওয়ারের দুর্গম পাহাড়ি এলাকায় সক্রিয় ৩ হিজবুল জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ফাদার্স ডে-র ঠিক আগে জম্ম-কাশ্মীরের কিস্তওয়ারে চাঞ্চল্যকর এক ঘটনায় গ্রেপ্তার হলেন এক হিজবুল জঙ্গির বাবা। ধৃত ব্যক্তি তারেক আহমেদ গিন্নু। তিনি পেশায় বনদপ্তরের একজন কর্মী। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ ইকবাল নামে আরও এক ব্যক্তিকে। স্থানীয় সন্ত্রাসবাদীদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার অভিযোগে তাঁদের আটক করেছে পুলিশ।

কিস্তওয়ার পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তদন্তের পর এদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তান্দের এলাকার একটি জঙ্গলে গোপন জঙ্গি আস্তানার খোঁজ পায়। সেখানে থেকে একে-৪৭ রাইফেলের কার্তুজ, ইউবিজিএল গ্রেনেড-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত তারেক আহমেদ হলেন সক্রিয় হিজবুল জঙ্গি মুদাস্সির হুসেনের বাবা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ইউএপিএ এবং অস্ত্র আইনের একাধিক ধারায় হামলা দায়ের হয়েছে। এর আগেও একই ধরনের অভিযোগে আরও ২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিস্তওয়ারের এসএসপি নরেশ সিং জানিয়েছেন, গোটা জঙ্গি নেটওয়ার্ককে ভেঙে দিতে অভিযান জারি থাকবে।

এদিকে নিরাপত্তা বাহিনী বর্তমানে কিস্তওয়ারের দুর্গম পাহাড়ি এলাকায় সক্রিয় ৩ হিজবুল জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে। তাদের মধ্যে রয়েছে মুদাস্সির হুসেন, রিয়াজ আহমেদ ও জাহাঙ্গির সরুরি। এই ৩ জনের সন্ধান দিলে জনপ্রতি ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা আবার ঘোষণা করেছে পুলিশ।