• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

যোগ দিবস উপলক্ষে সুন্দরবনের ৫০০ জলযান আসছে, কলকাতায় সাময়িকভাবে বন্ধ জঙ্গল পর্যটন

জলযানগুলি ১৯ থেকে ২১ জুন পর্যন্ত বাবুঘাট সংলগ্ন এলাকায় থাকবে বলে জানা গিয়েছে

Image: ANI

 আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত বিশেষ কর্মসূচির জন্য সুন্দরবন অঞ্চল থেকে বিপুল সংখ্যক জলযান কলকাতায় পাঠানো হচ্ছে। সুন্দরবন থেকে লঞ্চ ও ভুটভুটি মিলিয়ে প্রায় ৫০০টি জলযানকে আগামী ১৮ জুনের মধ্যে বাবুঘাটে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ গঙ্গাবক্ষে জলযানের উপর যোগাভ্যাস করবেন বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই জলযানগুলি ১৯ থেকে ২১ জুন পর্যন্ত বাবুঘাট সংলগ্ন এলাকায় থাকবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৪৫০টি জলযান প্রস্তুত করা হয়েছে এবং সেগুলি ধাপে ধাপে জলপথে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে।

তবে এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্পে। পর্যাপ্ত জলযান না থাকায় আগামী কয়েকদিনের জন্য জঙ্গলভিত্তিক পর্যটন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত পর্যটকদের জঙ্গলে প্রবেশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সময় সুন্দরবনে ইলিশ উৎসব চলায় বহু পর্যটক আগাম বুকিং করেছিলেন। হঠাৎ করে জলযান সরিয়ে নেওয়া এবং জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। তাঁদের অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত সতর্কবার্তা দেওয়া হলে নতুন বুকিং নেওয়া হত না এবং পর্যটকদেরও সমস্যায় পড়তে হত না।

পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের দাবি, সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত লঞ্চ ও ভুটভুটিকে কলকাতার বাবুঘাটে যেতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে গোসাবা ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে বোট ইউনিয়নের একাধিক বৈঠক হয়েছে। সুন্দরবন ট্যুরিস্ট মেকানাইজড বোট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনেই জলযান পাঠানো হচ্ছে। ফলে প্রায় এক সপ্তাহের জন্য ইলিশ উৎসব-সহ সুন্দরবনের অধিকাংশ পর্যটন কার্যক্রম স্থগিত রাখতে হচ্ছে।