• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

রেড রোডে যোগ দিবসের মঞ্চে মোদী

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। কেন্দ্র ও রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে রবিবার কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে যোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় কলকাতায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। কেন্দ্র ও রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।

সকালে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন প্রধানমন্ত্রী। একাধিক যোগাসনের অনুশীলন করতে দেখা যায় তাঁকে। পরে অনুষ্ঠানস্থল ঘুরে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন তিনি। অনেকের যোগাসনের ভঙ্গি নিজে থেকে শুধরে দিতেও দেখা যায় মোদীকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ জুন পৃথিবীর দীর্ঘতম দিন। যোগের জন্যই এই দিনটি এখন বিশ্বের বৃহত্তম গণ-উদ্‌যাপনের দিনে পরিণত হয়েছে।’’ তাঁর কথায়, যোগ শুধু শরীরচর্চা নয়, মানুষের আত্মিক শক্তি ও চেতনার প্রকাশ। বয়স, ভাষা, দেশ বা সংস্কৃতির ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একসূত্রে বাঁধার ক্ষমতা রয়েছে যোগের।

এ বছরের যোগ দিবসের প্রতিপাদ্য ‘যোগ ফর হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক সুস্থতা, আবেগগত স্থিতি এবং সক্রিয় জীবনযাপনে যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই ভাবনায়।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, আজ যোগ বিশ্বের বৃহত্তম সামাজিক উদ্‌যাপনে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে এক মঞ্চে এনে দিয়েছে যোগ। সেই বার্তাই এ দিন কলকাতার রেড রোড থেকে ফের একবার তুলে ধরলেন তিনি।