• facebook
  • twitter
  • youtube
Wednesday, 10 June, 2026

উত্তর কাশ্মীরের উরিতে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ২ সেনা জওয়ান

আইরোলির বাসিন্দা চবন বিক্রম বালাকৃষ্ণ এবং শাহপুরের বাসিন্দা অর্জুন যাদব রাজেন্দ্র

জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের উরি সেক্টরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান। বারামুল্লা জেলার কমলকোট এলাকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন একটি সেনা ক্যাম্পে দুর্ঘটনাবশত হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় এই মৃত্যু হয়েছে। ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পে নিয়মিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম হস্তান্তরের কাজ চলছিল। সেই সময় আচমকা একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন ২ জওয়ান। তাঁদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও পরে আকাশপথে শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টে অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।

নিহত ২ জওয়ানই মহারাষ্ট্রের বাসিন্দা। আইরোলির বাসিন্দা চবন বিক্রম বালাকৃষ্ণ এবং শাহপুরের বাসিন্দা অর্জুন যাদব রাজেন্দ্র। তাঁদের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহকর্মীদের মধ্যে। কীভাবে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। সেনাবাহিনী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের নেপথ্যে কোনও প্রযুক্তিগত ত্রুটি, না অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এ বিষয়ে সেনাবাহিনীর তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি-সহ বিভিন্ন এলাকায় জঙ্গিদমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ‘অপারেশন শেরওয়ালি’ নামে ওই অভিযানে জঙ্গিদের খোঁজে জঙ্গল ও দুর্গম এলাকায় তল্লাশি চলছে। এর মধ্যেই গত সপ্তাহে রাজৌরিতে অভিযানের সময় দুর্ঘটনায় প্রাণ হারান লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। পাহাড়ি পথে চলার সময় পা পিছলে গভীর খাদে পড়ে তাঁর মৃত্যু হয়।