• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

সিন্ধু জল চুক্তি স্থগিতের পর চেনাব নদীতে প্রথমবার ড্রেজিং শুরু

জলবিদ্যুৎ দক্ষতা বাড়ানোই লক্ষ্য

সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চেনাব নদীতে প্রথমবারের মতো ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য জলবিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বৃদ্ধি এবং নদীর প্রবাহ স্বাভাবিক রাখা।

সূত্রের খবর, জমে থাকা পলি ও বালু সরাতে বিশেষ যন্ত্র মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নদীর তলদেশে পলি জমে থাকায় জলপ্রবাহে প্রভাব পড়ছিল, যার সরাসরি প্রভাব পড়ছিল জলবিদ্যুৎ প্রকল্পগুলির কার্যকারিতায়। বিশেষজ্ঞদের মতে, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গভীরতা ও প্রবাহ উন্নত হলে টারবাইনে জল সরবরাহ আরও সুষম হবে। ফলে বিদ্যুৎ উৎপাদন বাড়তে পারে। এই পদক্ষেপকে কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সালাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যনির্বাহী পরিচালক অনীশ গৌরাহ বলেন, ‘সিন্ধু জলচুক্তি স্থগিতের পর বিদ্যুৎ কেন্দ্রের কর্মদক্ষতা বাড়াতে আমরা একটি কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছি। তবে এটা কতটা বাড়বে তা বলা কঠিন।’

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর জল বণ্টন নির্ধারিত হয়। সাম্প্রতিক সিদ্ধান্তের পর জলসম্পদ ব্যবস্থাপনায় নতুন নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, পরিবেশগত দিক বিবেচনা করেই ড্রেজিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং নিয়মিত তা পর্যবেক্ষণ করা হবে।