নতুন মালিক, নতুন নাম, আর প্রথম মরসুমেই ট্রফি! লর্ডসের মঞ্চে ইতিহাস গড়ল ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। দ্য হান্ড্রেডের পুরুষদের ফাইনালে ট্রেন্ট রকেটসকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হল জস বাটলারের দল। আর সেই জয়ের পর আবেগে ভাসলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।
ম্যাচ শেষে সমাজমাধ্যমে গোয়েঙ্কার (Sanjiv Goenka) বার্তা যেন দলের প্রতি তাঁর উচ্ছ্বাসেরই প্রতিচ্ছবি। লিখলেন, ‘আমাদের প্রথম মরসুমেই আমরা চ্যাম্পিয়ন! লর্ডসে কী অসাধারণ একটা রাত! সুপার জায়ান্টস পরিবারের প্রত্যেকের জন্যই এটা গর্বের মুহূর্ত। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত এটা ছিল সম্পূর্ণ দলগত প্রচেষ্টা’।
ফাইনালে ম্যাঞ্চেস্টারের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নেন টিম সাইফার্ট। ৩৮ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন তিনি। গোয়েঙ্কাও (Sanjiv Goenka) আলাদা করে প্রশংসা করেছেন সাইফার্টের। পাশাপাশি নূর আহমেদের বোলিংয়ের কথাও উল্লেখ করেছেন তিনি। গোয়েঙ্কার (Sanjiv Goenka) কথায়, ‘টিম, কী দুর্দান্ত একটা ইনিংস খেললে! আর নূর, বল হাতে অসাধারণ স্পেল করেছ। যখন আমাদের উইকেট সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তুমি তা এনে দিয়েছ’।
আরও পড়ুন: ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল, আজ সবুজ মেরুনের পরীক্ষা
অধিনায়ক জস বাটলার এবং গোটা দলের প্রশংসায় গোয়েঙ্কা আরও লিখেছেন, ‘জস গোটা মরসুম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর নকআউট পর্বে গোটা দল যে ভাবে একজোট হয়েছিল, সেটাই আমাদের মরসুমের মোড় ঘুরিয়ে দিয়েছে। জস এবং এই সাফল্যের অংশীদার প্রত্যেক ক্রিকেটারকে অভিনন্দন’।
সমর্থকদের কথাও ভোলেননি তিনি। গোয়েঙ্কার (Sanjiv Goenka) বার্তা, ‘আমাদের সমর্থকদের বিশেষ ধন্যবাদ। আপনারাই দলকে শেষ পর্যন্ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। এই ট্রফি আপনাদের জন্য’।
ফাইনালে প্রথমে ব্যাট করে ১৫৮-৮ তুলেছিল ট্রেন্ট রকেটস। জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন সাইফার্ট। তাঁর ৭২ রানের ইনিংস ম্যাঞ্চেস্টারের রান তাড়ার ভিত গড়ে দেয়। শেষ দিকে অবশ্য ম্যাচ জমে ওঠে। জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল তিন রান। সেই পরিস্থিতিতে লিয়াম ডসন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন।
আরও পড়ুন: ইউক্রেনে ভারতীয় শিল্পপতির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ফলে পাঁচ উইকেটে জয় নিয়ে ট্রফি ঘরে তোলে ম্যাঞ্চেস্টার।এই দলটি আগে ম্যাঞ্চেস্টার অরিজিনালস নামে পরিচিত ছিল। এ বছর সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) মালিকানা নেওয়ার পরে দলের নাম বদলে হয় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। আর নাম বদলের প্রথম মরসুমেই এল সবচেয়ে বড় সাফল্য। গোয়েঙ্কার (Sanjiv Goenka) লখনউ সুপার জায়ান্টস এখনও আইপিএল জিততে পারেনি। তাই তাঁর ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে এই জয় যে বিশেষ তাৎপর্য বহন করছে, তা বলাই যায়।
ট্রফি হাতে আবেগপ্রবণ বাটলারও ম্যাচ শেষে বলেছেন, ‘আমার মধ্যে এখন নানা রকম আবেগ কাজ করছে। জেতার উত্তেজনা এবং উচ্ছ্বাস তো রয়েছেই। শেষ কয়েকটি বলের পরে খানিকটা স্বস্তিও পেয়েছি। তবে প্রত্যেকের কাছ থেকে দুর্দান্ত প্রচেষ্টা দেখেছি। টিম বলেছিল, এই জায়গায় পৌঁছে ট্রফি জিততে হলে আমাদের টানা পাঁচটি ম্যাচ জিততে হবে। আমরা সেটা করেছি। আমার মনে হয়, এই ট্রফি আমাদের প্রাপ্য’।
লর্ডসের ঐতিহাসিক মাঠে তাই প্রথম মরসুমেই স্বপ্নপূরণ ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের। আর সেই সাফল্যের রাতে মালিক থেকে অধিনায়ক— সকলের আবেগে একটাই কথা, নতুন নামের দলের প্রথম অভিযানেই চ্যাম্পিয়নের মুকুট।
দেখুন:




