• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কুমারী পুজো, ১১ শিশুকে সম্মান জানিয়ে নজির গড়লেন খনা মা

জগদ্ধাত্রী পুজোয় এক অভিনব উদ্যোগ। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে প্রথমবার কুমারী পুজোর আয়োজন করল রামকৃষ্ণ দিকদর্শন সেবাশ্রম। পরমাত্মার সাধিকা খনা...

যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কুমারী পুজো, ১১ শিশুকে সম্মান জানিয়ে নজির গড়লেন খনা মা

জগদ্ধাত্রী পুজোয় এক অভিনব উদ্যোগ। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে প্রথমবার কুমারী পুজোর আয়োজন করল রামকৃষ্ণ দিকদর্শন সেবাশ্রম। পরমাত্মার সাধিকা খনা মায়ের উদ্যোগে আমরা পদাতিকের ১১ জন খুদে সদস্যকে নিয়ে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। তবে এই আয়োজনের উদ্দেশ্য কেবল ধর্মীয় আচার পালন নয়, বরং সমাজের প্রান্তিক এই শিশুদের সম্মান, স্বীকৃতি ও ভালোবাসা দেওয়ার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদার প্রশ্নটিকেও সামনে নিয়ে আসা।

এই উদ্যোগের ভাবনা কীভাবে এল? সেই প্রসঙ্গে খনা মা জানান, কিছুদিন আগেই তিনি আমরা পদাতিকের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সামাজিক কাজের সূত্রে মাঝেমধ্যেই সেখানে যাতায়াত হয় তাঁর। সংস্থার সদস্যরাও চান, তিনি সেখানে যান। খনা মায়ের কথায়, সম্ভবত মহালয়ার সময় আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি দেখেছিলেন, সেখানকার কুমারীরা সুন্দর করে সেজে নাচ করছে। কিন্তু সেই দৃশ্যের মধ্যেই তাঁর চোখে পড়ে আরও কয়েকজন শিশু। তারা অসহায়ভাবে তাঁর দিকে তাকিয়ে ছিল। চোখে চোখে যেন এক নীরব ভাবের আদানপ্রদান হয়। খনা মায়ের মনে হয়েছিল, ওই শিশুদের চোখে লুকিয়ে রয়েছে অনেক না বলা কথা, রয়েছে অসহায়তার ছবি। সেই মুহূর্তই তাঁকে ভাবিয়ে তোলে।

এই অভিজ্ঞতার পরেই শিশুদের নিয়ে বিশেষ কিছু করার কথা ভাবতে শুরু করেন খনা মা। তাঁর কথায়, ঠাকুরের কাছে প্রার্থনা করেন তিনি। জানান, তাঁর মন্দিরের মা সংকটনাশিনী তাঁকে আদেশ দেন। তারপরেই জগদ্ধাত্রী পুজোয় ওই শিশুদের নিয়ে কুমারী পুজো করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে অনেকের কাছেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে, তবুও নিজের অবস্থান থেকে সরে আসেননি খনা মা। বরং কেন এই উদ্যোগ প্রয়োজন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

খনা মায়ের কথায়, যৌনকর্মীদের বাড়ির মাটি দিয়েই যদি মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়, তাহলে তাঁদের গর্ভে জন্ম নেওয়া সন্তানরা কেন সমাজে অস্পৃশ্য বলে বিবেচিত হবে? যৌনকর্মীরাও সমাজেরই অংশ। তাঁদের সন্তানদেরও অন্য সকলের মতো সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। কোনও শিশুর জন্মপরিচয় কখনও তার সামাজিক সম্মান পাওয়ার পথে বাধা হতে পারে না। তাঁর মতে, এই শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। আর সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন তিনি।

সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতেই জগদ্ধাত্রী পুজোর নবমীতে বিশেষ কুমারী পুজোর আয়োজন করা হয়। এর আগে সপ্তমী ও অষ্টমীতে নিয়ম মেনে একটি করে কুমারী পুজো হয়েছিল। সংশ্লিষ্ট পরিবারের সদস্যরাও আগে থেকে যোগাযোগ করে শিশুদের নিয়ে এসেছিলেন। কিন্তু নবমীর আয়োজন ছিল একেবারেই অন্যরকম। সেদিন আমরা পদাতিকের ১১ জন শিশুকে নিয়ে কুমারী পুজো করা হয়েছিল।

ধর্মীয় রীতি মেনেই সম্পন্ন হয় পুজো। শিশুদের পদসেবা করে, পায়ে আলতা পরিয়ে এবং বরণ করে তাঁদের পুজো করা হয়। প্রত্যেক শিশুকে দেওয়া হয় একটি করে বেনারসি শাড়ি, মশারি ও কম্বল। পাশাপাশি খাবার, সাজের সামগ্রী এবং খেলনাও উপহার দেওয়া হয়। ছিল আর্থিক সাহায্যের ব্যবস্থাও। শিশুদের হাতে এই উপহার তুলে দিতে পেরে এবং তাঁদের এভাবে সম্মান জানাতে পেরে খুশি খনা মা।

তবে তাঁর কাছে এই আয়োজনের তাৎপর্য উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। খনা মায়ের বক্তব্য, এই শিশুদের সঠিক দিশা দেখানো অত্যন্ত জরুরি। সমাজের মূলস্রোতে তাঁদের জায়গা করে দিতে হলে শুধু সহানুভূতি দেখালেই হবে না, প্রয়োজন যথাযথ সম্মান ও স্বীকৃতি। যৌনকর্মীদের সন্তানরাও এই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সমাজ গঠনে তাঁদেরও ভূমিকা রয়েছে। জন্মপরিচয়ের কারণে কোনও শিশুকে অবহেলা বা বঞ্চনার শিকার হতে দেওয়া উচিত নয়।

জগদ্ধাত্রী পুজোয় ১১ জন শিশুকে নিয়ে এই কুমারী পুজো তাই নিছক ধর্মীয় আয়োজনের গণ্ডি ছাড়িয়ে এক সামাজিক বার্তা হয়ে উঠেছে। খনা মায়ের এই উদ্যোগের মধ্য দিয়ে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন—মায়ের প্রতিমা গড়তে যাঁদের বাড়ির মাটি প্রয়োজন, তাঁদের সন্তানদেরই বা সমাজের চোখে ব্রাত্য হয়ে থাকতে হবে কেন? সেই দৃষ্টিভঙ্গি বদলেরই আহ্বান জানাল এই বিশেষ আয়োজন।