• facebook
  • twitter
  • youtube
Tuesday, 3 November, 2026

দীপাবলির উপহার মোহনবাগান সমর্থকদের! ওড়িশা ম্যাচে বিনামূল্যে ২টি করে টিকিট দেওয়ার ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

আইএসএল ২০২৬-২৭ মরশুমের শুরুটা হার দিয়ে হলেও পরের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান

দীপাবলির উপহার মোহনবাগান সমর্থকদের! ওড়িশা ম্যাচে বিনামূল্যে ২টি করে টিকিট দেওয়ার ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

Mohun bagan facebook

আইএসএল ২০২৬-২৭ মরশুমের শুরুটা হার দিয়ে হলেও পরের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঠের সাফল্যের মাঝেই সমর্থকদের জন্য দীপাবলির বিশেষ উপহার ঘোষণা করল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার উদ্যোগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আগামী ম্যাচে বিনামূল্যে দু’টি করে টিকিট পাবেন মোহনবাগানের সমর্থকরা। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেছে ক্লাব।

আগামী ৫ তারিখ ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচেই সমর্থকদের জন্য এই বিশেষ উপহারের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে, দীপাবলির উৎসবকে আরও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ।

May be an image of text

 

pic- facebook

বার্তায় সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “দীপাবলি আনন্দ ও আলো ছড়িয়ে দেওয়ার উৎসব। এই উৎসবের আবহে আমাদের প্রিয় সমর্থকদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছি। ওড়িশা এফসি-র বিরুদ্ধে পরের ম্যাচে প্রত্যেক সমর্থককে বিনামূল্যে দু’টি করে টিকিট দেওয়া হবে।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাবের তরফে আরও বলা হয়েছে, সমর্থকরাই দলের মূল চালিকাশক্তি। ক্লাবের প্রতি তাঁদের আবেগ ও ভালবাসাই দলকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। এই উদ্যোগকে উপহার নয়, বরং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ হিসেবেই দেখছে ম্যানেজমেন্ট। উৎসবের আবহে ঘরের মাঠকে সবুজ-মেরুন রঙে ভরিয়ে তোলার আহ্বানও জানানো হয়েছে। তবে বিনামূল্যে টিকিট পাওয়ার প্রক্রিয়া এবং তা কবে থেকে দেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাব।

এদিকে, টানা তিন ম্যাচ জিতলেও মোহনবাগানের আক্রমণভাগের গোল নষ্টের প্রবণতা চিন্তা বাড়াচ্ছে সমর্থকদের। একটি গোলের সুযোগ কাজে লাগাতে গিয়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করছেন ফুটবলাররা। ফলে জয় এলেও গোল করার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আগামী ম্যাচগুলিতে এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে চাপ বাড়তে পারে কোচ প্যানোসের দলের উপর। এবার দেখার, সমর্থকদের দীপাবলির উপহারের সঙ্গে মাঠের পারফরম্যান্সেও কতটা আলো ছড়াতে পারে সবুজ-মেরুন।