• facebook
  • twitter
  • youtube
Monday, 2 November, 2026

পাঁচ উইকেট বাংলার পেসারের, দাপট সিরাজেরও, তবু এগিয়ে নিউজিল্যান্ড ‘এ’! তৃতীয় দিনের শেষে চাপে ভারত

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ইনিংসে ভারতীয় ‘এ’ দলের ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড ‘এ’। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে তারা

পাঁচ উইকেট বাংলার পেসারের, দাপট সিরাজেরও, তবু এগিয়ে নিউজিল্যান্ড ‘এ’! তৃতীয় দিনের শেষে চাপে ভারত

Photo: Representational Image

দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিনে বল হাতে নজর কাড়লেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar) ও ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) । কিন্তু দুই ভারতীয় পেসারের দাপট সত্ত্বেও নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংসে এগিয়ে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ইনিংসে ভারতীয় ‘এ’ দলের ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড ‘এ’। মাত্র ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে তারা। অধিনায়ক রাইস মারিউকে (৪) ফিরিয়ে প্রথম আঘাত করেন সিরাজ (Mohammed Siraj) । এর পর পরপর দুই বলে কার্টিস হিফি (৪) এবং টিম রবিনসনকে (৩) আউট করে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান মুকেশ (Mukesh Kumar) ।

কিন্তু সেই ধাক্কা সামলে দেন ম্যাথু বয়েল এবং ডিন ফক্সক্রফট। চতুর্থ উইকেটে ২০৫ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেন তাঁরা। বয়েল ১৫২ বলে ১১০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছয়। অন্য দিকে, ফক্সক্রফট ৯৩ রানের লড়াকু ইনিংস খেলেন।

আরও পড়ুন: ১৪ বছর পরে অ্যানফিল্ডে জয় আর্সেনালের, লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্তেতার দল

তৃতীয় দিনে নতুন বল হাতে নিয়ে আবার ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। সিরাজের (Mohammed Siraj) বলে বয়েলের দুরন্ত ইনিংসের শেষ হয়। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন দেবদত্ত পাডিক্কল। এর পর ফক্সক্রফটকেও এলবিডব্লিউ করেন সিরাজ। ৯৩ রানে থামতে হয় তাঁকে।

মুকেশও (Mukesh Kumar) একের পর এক ব্যাটারকে ফিরিয়ে পাঁচ উইকেট তুলে নেন। ৩১ রানে মিচেল হে এবং ৪১ রানে ক্রিস্টিয়ান ক্লার্ককে ফেরান তিনি। সিরাজের (Mohammed Siraj) শিকার ব্রেট র‍্যান্ডেলও (৫)। কিন্তু শেষ দিকে ভারতের বোলারদের হতাশ করেন ফ্রেজার শিট, জারড ম্যাককে এবং জেডেন লেনক্স।

ন’নম্বরে নেমে শিট করেন ৪০ রান। শেষ উইকেটে ম্যাককে (৩৩) এবং লেনক্স (৩৩) যোগ করেন ৫৫ রান। শেষ তিন উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহে যোগ হয় ১৩৩ রান। সেখানেই ম্যাচের ছবিটা বদলে যায়।

আরও পড়ুন: কলকাতার মাটিতে ইতিহাস মশাল কন্যাদের, হো চি মিন সিটিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের

শেষ পর্যন্ত ১৩২.৫ ওভারে ৪২৪ রানে শেষ হয় নিউজিল্যান্ড ‘এ’-র প্রথম ইনিংস। মুকেশ (Mukesh Kumar)  ৮৭ রানে পাঁচ উইকেট এবং সিরাজ (Mohammed Siraj) ১১৮ রানে চার উইকেট নেন। বাকি একটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

ফলে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে ফেলেছে নিউজিল্যান্ড ‘এ’। ভারতীয় বোলারদের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত ভাবে বড় ধাক্কা খেল ভারত। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সেই ঘাটতি মেটানোই এখন ধ্রুব জুরেলের দলের প্রধান লক্ষ্য।

প্রথম ইনিংসের স্কোর: ভারতীয় ‘এ’: ৩৪৬।
নিউজিল্যান্ড ‘এ’: ৪২৪ (ম্যাথু বয়েল ১১০, ডিন ফক্সক্রফট ৯৩; মুকেশ কুমার ৫/৮৭, মহম্মদ সিরাজ ৪/১১৮)।
 নিউজিল্যান্ড ‘এ’ এগিয়ে ৭৮ রানে।

দেখুন: