• facebook
  • twitter
  • youtube
Monday, 2 November, 2026

কলকাতার মাটিতে ইতিহাস মশাল কন্যাদের, হো চি মিন সিটিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের

রবিবার রাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের এই জয়ের নায়িকা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। তাঁর জোড়া গোলেই তিন পয়েন্ট তুলে নিল মশাল কন্যারা

কলকাতার মাটিতে ইতিহাস মশাল কন্যাদের, হো চি মিন সিটিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Goalscorer Fazila Ikuaput (Photo: Representational Image)

কলকাতার মাটিতে এশীয় ফুটবলের মঞ্চে নতুন ইতিহাস লিখল ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Girls)। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ভিয়েতনামের হো চি মিন সিটি উইমেন্স এফসি-কে ২-১ গোলে হারাল লাল-হলুদের মহিলা বাহিনী।

রবিবার রাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের (East Bengal Girls) এই জয়ের নায়িকা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। তাঁর জোড়া গোলেই তিন পয়েন্ট তুলে নিল মশাল কন্যারা।

এই ম্যাচের গুরুত্ব অবশ্য শুধু জয়েই সীমাবদ্ধ নয়। দেশের মাটিতে এই প্রথম হল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচেই জয় তুলে নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাল ইস্টবেঙ্গল (East Bengal Girls)।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। হো চি মিন সিটির এনগো থি হং নুংয়ের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্য দিকে, কাছ থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি রেস্টি নাজিরি।

২১ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলার আক্রমণ আটকাতে গিয়ে হাতে বল লাগান প্রতিপক্ষের রিয়েলি চেসনা। ফুটবল ভিডিও সাপোর্টের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি ফাজিলা। ১-০-য় এগিয়ে যায় লাল-হলুদ।

আরও পড়ুন: প্রায় এক বছর পরে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা-মহারাষ্ট্র দ্বৈরথে দুই ব্রাত্য তারকার ‘যুদ্ধও’

এর পরেও আক্রমণের ঝাঁজ কমেনি ইস্টবেঙ্গলের। অলিভিয়া আনকোয়ের দূরপাল্লার দুরন্ত শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় কলকাতার দল। তানাকা হিতোমির জোরালো হেড থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে সামলে গোলরক্ষককে পরাস্ত করেন ফাজিলা। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে হো চি মিন সিটি। ৬০ মিনিটে ট্রান থি থু সুয়ানের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে ব্যবধান কমান দাউ নুয়েন কুইন আন। ফলে ম্যাচে ফেরার আশা জাগে ভিয়েতনামের দলে।

এর পর সমতা ফেরানোর জন্য ঝাঁপায় তারা। সেই সুযোগে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। ৭৪ মিনিটে অলিভিয়া আনকোয়ে ফাজিলাকে গোলের মুখে বল বাড়ান। কিন্তু শেষ মুহূর্তে দুরন্ত স্লাইডিং ব্লকে নিশ্চিত গোল বাঁচান কু থি হুয়েন নু।

শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনও দল। ২-১-এ জয় নিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

এই জয়ের ফলে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে একাধিক ম্যাচ জেতা প্রথম দল হওয়ার কৃতিত্বও অর্জন করল ইস্টবেঙ্গল (East Bengal Girls)। গত মরসুমে ইরানের বাম খাতুন এফসি-র বিরুদ্ধে জয়ের পর এ বার হো চি মিন সিটিকেও হারাল তারা।

গ্রুপের পরবর্তী ম্যাচে ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হোয়াচন কেএসপিও-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসি-র কাছে ১-২ গোলে হেরেছে হোয়াচন। ফলে পরের ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ফাজিলারা।

দেখুন: