• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

গতবারের ভুল শুধরে এএফসি-র নকআউটে ওঠার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গলের মেয়েরা

শনিবার এএফসির মঞ্চে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গলের প্রমীলা ব্রিগেড। যোগ্যতা অর্জন পর্বে জয়ের হ্যাটট্রিক করে মূলপর্বের ছাড়পত্র আদায় করে নিয়েছেন সাথী দেবনাথরা

গতবারের ভুল শুধরে এএফসি-র নকআউটে ওঠার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গলের মেয়েরা

Photo: Representational Image

পার্থক্য ছিল মাত্র এক গোলের। আর তাতেই গতবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AFC Womens’ Champions League) নক আউট হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। যা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে ফাজিলা ইকোয়াপুট, সুলঞ্জনা রাউল, সৌম্যা গুগুলোথ’দের। আর সেই আক্ষেপকেই এবার সাফল্যে পরিণত করতে চান লাল-হলুদ মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ।

শনিবার এএফসির মঞ্চে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গলের প্রমীলা ব্রিগেড। যোগ্যতা অর্জন পর্বে জয়ের হ্যাটট্রিক করে মূলপর্বের ছাড়পত্র আদায় করে নিয়েছেন সাথী দেবনাথরা। এ বার তাঁদের লক্ষ্য গতবারের ভুলত্রুটি শুধরে নক আউটে জায়গা করে নেওয়া।

আরও পড়ুন: টানা চতুর্থ জয়ের সামনে বাংলার রঞ্জি দল, তার প্রস্তুতির আগে কোচ লক্ষ্মীকে ফোন করলেন সৌরভ, কী কথা হল দু’জনের?

বাড়তি সুবিধা, প্রথমবারের জন্য কলকাতায় হতে চলেছে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ( AFC Womens’ Champions League) । ফলে ‘হোম অ্যাডভান্টেজ’ পাবে ইস্টবেঙ্গল। যদিও, এটাকে বাড়তি সুবোধ হিসেবে দেখতে রাজি নন অ্যান্টনি। বরং, তিনি ক্ষুব্ধ ম্যাচের চব্বিশ ঘন্টা আগেও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনের সুযোগ না পাওয়ায়।

লাল-হলুদ কোচের কথায়, ‘ঘরের মাঠে খেলছি ঠিকই, কিন্তু এখানে এক দিনও অনুশীলন করতে পারিনি।’ এমনকী, মাঠে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখারও যে সুযোগ হয়নি, তা জানাতেও ভোলেননি তিনি। তবে,আশা প্রকাশ করেছেন ঘরের মাঠে সমর্থকেরা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেবেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ওয়ানডে ম্যাচেও দলে অকিব নাবি, কাল শেষ টি-টোয়েন্টিতে কুলদীপ?

প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দল যেখানে ২৪ অক্টোবর ঘরোয়া লিগে নিজেদের শেষ ম্যাচ খেলেছে, সেখানে সাথী দেবনাথরা শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত আগস্টে। ফলে, স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে তাঁদের। যা মেনেও নিয়েছেন অ্যান্টনি। তবে, অজুহাত দিতে চান না তিনি। প্রতিপক্ষ দল ভিয়েতনামের স্থানীয় লিগের চ্যাম্পিয়ন। তবে, শেষ দু’ম্যাচে জয়ের মুখ দেখেনি তাঁরা। তা সত্ত্বেও লড়াইটা যে সহজ হবে না তা, ভালই জানে লাল-হলুদ ব্রিগ্রেড। কিন্তু, নিজেদের সীমিত শক্তি নিয়েও এবার নক আউটে জায়গা পাকা করতে মরিয়া তাঁরা।

এই নিয়ে ম্যাচের আগেরদিন ফুটবলার সাথী দেবনাথ বলেন, ‘চেষ্টা করব নিজের সবটা দিয়ে ইস্টবেঙ্গলকে জেতানোর।’ কিশোর ভারতী ক্রীড়াঙ্গন বিশেষ স্মরণীয় ইস্টবেঙ্গলের কাছে। এখানেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর প্রথমবার আইএসএল জিতেছিল পুরুষদের সিনিয়র দল। পাশাপাশি, এই মাঠ পয়া মহিলা ফুটবলার সাথী দেবনাথের কাছেও। লাল-হলুদ জার্সিতে ২০২৩-এ এই কিশোর ভারতীতেই কন্যাশ্রী কাপ জিতেছিলেন সাথী। আর এ বার পয়া এই মাঠেই এএফসির মঞ্চে নতুন ইতিহাস রচনা করতে মরিয়া ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনী।

দেখুন: