• facebook
  • twitter
  • youtube
Monday, 2 November, 2026

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি ব্যবহার করেছে কংগ্রেস? প্রশ্ন তুললেন কিরেন রিজিজু

ভিড় দেখাতে কংগ্রেস এআই-এর সাহায্য নিয়েছে বলে দাবি তাঁর। এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি ব্যবহার করেছে কংগ্রেস? প্রশ্ন তুললেন কিরেন রিজিজু

Image: SNS

দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Maidan) রবিবার বিরোধীদের সভায় লোকসমাগম নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গতকালের ইন্ডিয়া ব্লকের সভার বিপুল জনসমাগমের ছবি প্রকাশ করে কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। ভিড় দেখাতে কংগ্রেস এআই-এর সাহায্য নিয়েছে বলে দাবি তাঁর। এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্ক ওড়িশাও

সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে রিজিজু (Kiren Rijiju) কংগ্রেসকে নিশানা করেন। রামলীলা ময়দান (Ramlila Maidan) কানায় কানায় ভর্তি দেখানো একটি ছবি প্রসঙ্গে রবিবার নিজের এক্সে লেখেন, ‘রামলীলা ময়দান ভর্তি দেখাতে এআই দিয়ে ছবি তৈরি করা হয়েছে। ভুয়ো ছবিটিও দলের সদস্যরা ঠিকমতো তৈরি করতে পারেননি।‘ তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈকি মহলে শুরু হয় চাপানউতোর।

উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়ম এবং এসআইআর নিয়ে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সভা করে ইন্ডিয়া ব্লক। সেই সভায় প্রত্যাশিত লোক হয়নি বলে দাবি বিজেপির। জনসমর্থনের দাবি নিয়েও প্রশ্ন তুলেছে পদ্মশিবির।

সভায় লোকসমাগম নিয়ে বিজেপির প্রশ্ন

রিজিজুর পাশাপাশি বিরোধীদের সভায় ভিড়ের দাবি নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্রও। তাঁর দাবি, রামলীলা ময়দানের সভায় ১০ লক্ষ মানুষের জমায়েত হওয়ায় প্রত্যাশা করেছিল বিরোধীরা। কিন্তু বাস্তবে সেই দাবি পূরণ হয়নি।

আরও পড়ুন: বাহামাগামী বিমান ভেঙে পড়ল ফ্লোরিডায়, মৃত্য ৯ জনের! রাস্তার পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাত্র জানান, রবিবার বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে সভাস্থলে রাখা ২৮ হাজার চেয়ারের মধ্যে ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকা ছিল। তাঁর আরও দাবি, সভাস্থলের প্রায় ৪০ শতাংশ জায়গাই খালি ছিল। বিরোধীদের জনসমাগমের দাবি খারিজ করতে এই পরিসংখ্যানকে হাতিয়ার করেছে বিজেপি।

কী হয়েছিল রামলীলা ময়দানের সভায়?

রবিবার অর্থাৎ ১ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ এবং এসআইআরে অনিয়মের অভিযোগ তুলে ‘চলো দিল্লি’ কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া ব্লক।

সভায় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। মিন্টো রোড-করোলবাগ সংযোগস্থল থেকে কনট প্লেস হয়ে রামলীলা ময়দানের দিকে মিছিল এগোয়। রামলীলা ময়দানে (Ramlila Maidan) প্রতিবাদ সভায় যোগ দেন সমর্থকেরা।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ তোলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবি তোলেন তিনি। রাহুল আরও বলেন, এই আন্দোলন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। বরং সংবিধান রক্ষার বৃহত্তর লড়াই।

এদিকে সভার ছবি এআই দিয়ে তৈরি করার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইন্ডিয়ার ডাকা সভায় কত লোক এসেছিল এবং প্রকাশিত ছবির সত্যতা নিয়ে তাই দুই শিবিরে শুরু হয়েছে চাপানউতর।

দেখুন: