• facebook
  • twitter
  • youtube
Wednesday, 4 November, 2026

তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে প্রথম বিরাট, পেরিয়ে গেলেন শচীনকেও

এ ছাড়া এক দিনের ক্রিকেটে রান তাড়া করার সময় সর্বাধিক রানের নজিরও গড়ে ফেলেন তিনি। এই তালিকায় শচীনের সংগ্রহ ৮,৭২০ রান। কোহলি এদিন সেই রানও পেরিয়ে যান বিরাট। শচীনকে টপকাতে প্রয়োজন ছিল ৫৪ রান। এই লেখার সময় বিরাট ইডেন পার্কে ৬০ রানে অপরাজিত।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে প্রথম বিরাট, পেরিয়ে গেলেন শচীনকেও

Photo: X

বয়স ৩৭। কিন্তু রেকর্ডের খিদে একটুও কমেনি বিরাট কোহলির। একের পর এক নতুন নজির গড়েই চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে এমন একটি রেকর্ড গড়লেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে আগে কেউ করতে পারেননি। তিন নম্বরে ব্যাট করতে নেমে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। ক্রিকেটের ইতিহাসে এই কৃতিত্ব প্রথম কোনও ব্যাটারের।

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে এই নজির গড়েন কোহলি। ম্যাচের আগে তিন নম্বরে ব্যাট করে তাঁর সংগ্রহ ছিল ১২,৯৮৮ রান। অর্থাৎ, ইতিহাস তৈরি করতে প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ভারতের রান তাড়া করার সময় নিজের ইনিংসের ১৩তম বলে সেই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই কৃতিত্বের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে অনেকটা পিছনে ফেলে দিলেন কোহলি। তিন নম্বরে ব্যাট করে পন্টিংয়ের সংগ্রহ ১২,৬৬২ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। তাঁর রান ৯,৭৪৭। অর্থাৎ, এই তালিকায় কোহলি ও পন্টিং ছাড়া আর কোনও ব্যাটার ১০ হাজার রানের গণ্ডিও পেরোতে পারেননি।

শুধু রানের সংখ্যায় নয়, ধারাবাহিকতার বিচারেও কোহলি অনেকটা এগিয়ে। তিন নম্বরে ব্যাট করে ২৫৪টি ম্যাচে ২৫১টি ইনিংস খেলেছেন তিনি। গড় ৬১.৬০। করেছেন ৪৮টি শতরান এবং ৬৯টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৮৩।

অন্য দিকে, পন্টিং ৩৩০টি ইনিংসে ১২,৬৬২ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪২.৪৮। অর্থাৎ, কোহলি শুধু বেশি রানই করেননি, অনেক কম ইনিংসে সেই নজির গড়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে আরও কয়েকটি নজির গড়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। লিস্ট এ ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় শচীন তেন্ডুলকরের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন তিনি। দু’জনেরই সেঞ্চুরি ৬০টি। আর একটি শতরান করলেই সচিনকে টপকে একক ভাবে শীর্ষে উঠে যাবেন কোহলি।

এ ছাড়া এক দিনের ক্রিকেটে রান তাড়া করার সময় সর্বাধিক রানের নজিরও গড়ে ফেলেন তিনি। এই তালিকায় শচীনের সংগ্রহ ৮,৭২০ রান। কোহলি এদিন সেই রানও পেরিয়ে যান বিরাট। শচীনকে টপকাতে প্রয়োজন ছিল ৫৪ রান। এই লেখার সময় বিরাট ইডেন পার্কে ৬০ রানে অপরাজিত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার নজিরও হাতছানি দিচ্ছে কোহলিকে। এই ম্যাচের আগে কিউয়িদের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ছিল ১,৮৯৭ রান। অস্ট্রেলিয়ার পন্টিংয়ের রান ১,৯৭১। সেই নজির ভাঙতে প্রয়োজন আরও ৭৫ রান।

এক কথায়, ৩৭ বছর বয়সেও রেকর্ডের খাতায় নিজের নামের পাশে নতুন নতুন অধ্যায় যোগ করে চলেছেন কোহলি। অকল্যান্ডে ১৩ হাজারের মাইলফলক স্পর্শ করে আরও এক বার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হয়।