টি-টোয়েন্টি সিরিজ হারলেও এক দিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ। তার আগে দলের বোলারদের সতর্ক করে দিলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তাঁর মতে, রোহিত-কোহলিকে আটকাতে হলে শুধু পরিকল্পনা করলেই হবে না, দীর্ঘ সময় ধরে নিখুঁত বোলিং করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া এক দিনের সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত ও কোহলি। দু’জনেই শতরান করেছেন। সেই পারফরম্যান্সের কথা মাথায় রেখেই ভারতীয় দুই তারকাকে নিয়ে সতর্ক স্যান্টনার। তিনি বলেন, ‘ওঁদের বয়স হচ্ছে ঠিকই, কিন্তু এখনও দারুণ ক্রিকেট খেলছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ সিরিজ়েও সেটা দেখেছি। অনেক দিন ধরেই ওঁদের খেলা দেখছি। আইপিএলেও রোহিতকে খেলতে দেখেছি।’
রোহিতের (Rohit Sharma) ব্যাটিংয়ের একটি বিশেষ দিকও তুলে ধরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাঁর মতে, অতীতে শর্ট বল দিয়ে রোহিতকে সমস্যায় ফেলার চেষ্টা করত বোলারেরা। কিন্তু এখন সেই অস্ত্রও বিশেষ কাজে আসবে না। স্যান্টনারের কথায়, ‘আগে দলগুলি রোহিতকে শর্ট বল করে সমস্যায় ফেলার চেষ্টা করেছে। কিন্তু এখন সেই বলই উনি ছক্কায় পাঠিয়ে দেন।’
ভারতের ব্যাটিং লাইন-আপ নিয়ে নিজেদের বোলিং বিভাগে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের পিচের চরিত্র অনুযায়ী কী ভাবে বল করতে হবে, তা নিয়েও পরিকল্পনা তৈরি করছে দল। তিনি বলেন, ‘আমরা বোলিং বিভাগ একসঙ্গে বসে আলোচনা করেছি। ভারতের ব্যাটিং লাইন-আপ কেমন, নিউজিল্যান্ডের পরিবেশে কী ভাবে ওদের বিরুদ্ধে বল করতে হবে, সব কিছু নিয়েই কথা হয়েছে। এখানকার পিচে কী ভাবে বল করতে হয়, সেটা আমাদের জানা।’
রোহিত ও কোহলির পাশাপাশি শুভমান গিলের প্রশংসাও করেছেন কিউই অধিনায়ক। তাঁর মতে, ভারতের প্রথম সারির ব্যাটারদের দ্রুত ফেরাতে না পারলে ম্যাচের রাশ হাতে রাখা কঠিন হবে। স্যান্টনার বলেন, ‘ওদের কাজ হল শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়া। তার পরে মাঝের সারির ব্যাটারেরা ইনিংস এগিয়ে নিয়ে যায় এবং শেষ দিকে বড় শট খেলার সুযোগ পায়। রোহিত ও কোহলি দীর্ঘ দিন ধরে এই কাজ করে আসছে। গত পাঁচ বছর ধরে শুভমানও অসাধারণ খেলছে।’
তবে প্রতিপক্ষকে আটকানোর জন্য কোনও বিশেষ অস্ত্রের উপর নির্ভর করতে চান না স্যান্টনার। পিচে বোলারদের জন্য সাহায্য থাকলে এক রকম পরিকল্পনা, আর উইকেট ব্যাটিংয়ের পক্ষে ভাল হলে অন্য কৌশল নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
স্যান্টনারের কথায়, ‘পিচে যদি বোলারদের জন্য সাহায্য থাকে, তা হলে দীর্ঘ সময় ধরে সেই সুবিধা কাজে লাগিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে হবে। আবার উইকেট যদি ব্যাটিংয়ের পক্ষে ভাল হয়, তা হলে পরিকল্পনায় বদল আনতে হবে। ফিল্ডিংয়েও ছোটখাটো পরিবর্তন করতে হবে। এক দিনের ক্রিকেটে বোলিংয়ের খুব বেশি গোপন কৌশল নেই। আসল কাজ হল ধারাবাহিক ভাবে চাপ তৈরি করা এবং উইকেট তুলে নেওয়া।’
রোহিত (Rohit Sharma) ও কোহলির উপস্থিতিতে গ্যালারিতেও বাড়তি দর্শক হবে বলে আশা করছেন স্যান্টনার। টি-টোয়েন্টি সিরিজে ভাল দর্শক হয়েছিল। এক দিনের সিরিজেও সেই ছবি দেখা যাবে বলে মনে করছেন তিনি।
ভারতের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজের সাফল্যের পর এক দিনের সিরিজেও দাপট দেখানো। অন্য দিকে, শেষ দুই টি-টোয়েন্টিতে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিউজিল্যান্ড। ফলে বুধবারের প্রথম ম্যাচ থেকেই রোহিত (Rohit Sharma)-কোহলিদের (Virat Kohli) সঙ্গে কিউই বোলারদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
দেখুন:




