• facebook
  • twitter
Saturday, 28 February, 2026

টিম বাসে অভিষেককে পরামর্শ গম্ভীরের, প্রকাশ্যে চেন্নাইয়ের পিচ

দ্বিতীয় ম্যাচের আগে ওপেনার অভিষেক শর্মাকে ফর্মে ফেরাতে মরিয়া ভারতীয় দল। ইতিমধ্যেই জিম্বাবোয়ে ম্যাচ খেলতে চেন্নাই পৌঁছে গেছে সূর্যকুমার যাদব'রা।

ছবি: এনএনআই

আগামীকাল চেন্নাইয়ের মাঠে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে লজ্জার হারের পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া সূর্যকুমার যাদবের দল। তবে, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের চিন্তা অবশ্যই ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা। আহমেদাবাদের কালো মাটির স্লো পিচে চূড়ান্ত ব্যর্থ অভিষেক শর্মা, তিলক বার্মা’রা। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সেমিফাইনালে পৌঁছাতে গেলে ভারতের কাছে বাকি দুটি ম্যাচে জয় ছাড়া উপায় নেই। এই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের দলকে স্বস্তি জোগাতে পারে চেন্নাইয়ের পিচ। বিশ্বকাপ শুরু হওয়ার ছ’মাস আগে চিপকের পিচ বদলানো হয়েছে। তারপর থেকে এই স্টেডিয়ামে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। ফলে, পিচ একেবারে তরতাজা রয়েছে। সেখান থেকে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবে বলেই পিচ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, নতুন এই পিচে ভালো রান উঠতে পারে। চলতি বিশ্বকাপের বেশকিছু ম্যাচেও সেই ছবিই দেখা গিয়েছে। এই মাঠেই আফগানিস্তানের বিরুদ্ধে ১৭.৫ ওভারে ১৮২ রান তাড়া করে জিতেছিল নিউজিল্যান্ড। এমনকি, কানাডা ম্যাচের পর কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার চিপকের পিচ ‘পাটা’ বলে জানিয়েছিলেন।

এদিকে, চিপক স্টেডিয়ামের পিচ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, ভারত-জিম্বাবোয়ে ম্যাচের জন্যও নতুন উইকেট ব্যবহার হবে। সেই পিচ এখনও অবধি ‘পাটা’ দেখিয়েছে। মূলত, ব্যাটসম্যানদের সাহায্য করবে এই পিচ। এই প্রসঙ্গে বলা যায়, স্পিন সহায়ক উইকেটের জন্য বিশেষ পরিচিত চিপক স্টেডিয়াম। আইপিএলের সময়ও বারবার তা দেখা গিয়েছে। তবে, বিশ্বকাপের ম্যাচে একেবারেই ভিন্ন আচরণ করছে এখানকার পিচ। যা, জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে নিঃসন্দেহে স্বস্তি জোগাবে ভারতীয় দলকে।

Advertisement

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচের আগে ওপেনার অভিষেক শর্মাকে ফর্মে ফেরাতে মরিয়া ভারতীয় দল। ইতিমধ্যেই জিম্বাবোয়ে ম্যাচ খেলতে চেন্নাই পৌঁছে গেছে সূর্যকুমার যাদব’রা। সেখানেই দেখা গেল টিম বাসের মধ্যে তরুণ বাঁহাতি ওপেনারকে আলাদাভাবে পরামর্শ দিচ্ছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। বাসের সামনের সিটে বসে ভারতের কোচ বেশ গম্ভীর মুখে কথা বলছেন অভিষেকের সঙ্গে। এমনকী, সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে ডেকেও কিছু কথা বলতে দেখা যায় তাঁকে। আসলে, বিশ্বকাপের শুরু থেকে ওপেনারদের ব্যর্থতা বাকি ব্যাটসম্যানদের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বিষয়টি বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাই, এবার এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হলেন কোচ গম্ভীর।

Advertisement

Advertisement