রুপোলি পর্দায় লাথি-ঘুষি, ব্যাকফ্লিপ আর দুঃসাহসিক স্টান্টে দর্শকদের মুগ্ধ করেছেন বহুবার। এবার সেই অ্যাকশন হিরোই পা রাখতে চলেছেন সবুজ ঘাসের মাঠে! বলিউড তারকা টাইগার শ্রফকে নিয়ে বড়সড় চমক ভারতীয় ফুটবলে। চলতি ডুরান্ড কাপে অংশ নেওয়া মুম্বাই এফসি-র স্কোয়াডে রয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতাতেই হতে পারে তাঁর পেশাদার ফুটবল অভিষেক।
এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। রুপোলি পর্দার নায়ক কি এবার সত্যিই ফুটবল মাঠেও নায়ক হয়ে উঠতে পারবেন? এই চর্চাই এখন চলছে সমর্থকদের মধ্যে।
মুম্বাই এফসি-র অন্যতম মালিক জোহেব আমরানি জানিয়েছেন, টাইগার শুধু প্রচারের মুখ নন, নিয়মিত দলের সঙ্গে অনুশীলনও করছেন। শিলংয়ে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। তবে সব সিদ্ধান্তই নির্ভর করছে নিরাপত্তার অবস্থার উপর।
জোহেব জানান, ‘টাইগারের নাম স্কোয়াডে নথিভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে যাওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টাইগারের জনপ্রিয়তা এতটাই বেশি যে, ছোট শহরগুলোতে ওর নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে এক ঝলক দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাতে পারে’।
টাইগারের ফুটবলের প্রতি ভালোবাসা অবশ্য নতুন নয়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর আলাদা টান। শুটিংয়ের ফাঁকেও প্রায়ই ফুটবল খেলতে দেখা যায় তাঁকে। ২০২৪-এ মুম্বই এফসি প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন টাইগার শ্রফ। শুধু যুক্ত নন, মুম্বই ডিস্ট্রিক্ট লিগেও নিয়মিত খেলেছেন তিনি।
ক্লাবের অন্যতম মালিক জোহেব জানান, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সার্স ফুটবল লিগে প্রথম টাইগারের ফুটবল প্রতিভা তাঁর নজরে আসে। সেই প্রতিযোগিতায় বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অংশ নিয়েছিলেন।
ফিটনেসের দিক থেকেও বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন তিনি। সেই কারণেই অনেকের মতে, শুধুই চমক তৈরির জন্য নয়, মাঠে নেমেও নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন টাইগার।
মুম্বাই এফসি-ও তাদের এই সিদ্ধান্তের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সদ্য গড়ে ওঠা ক্লাবটি ডুরান্ড কাপে নিজেদের পরিচিতি আরও বাড়াতে চাইছে। আর সেই মঞ্চে টাইগারের উপস্থিতি যে টুর্নামেন্টের আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দেবে, এই নিয়ে কোনও সন্দেহই নেই।
এখন শুধু অপেক্ষা—স্টেডিয়ামের আলো জ্বলার। সিনেমার পর্দার ‘অ্যাকশন হিরো’ কি সত্যিই ফুটবল মাঠে প্রথম ‘শো’-তেই বাজিমাত করবেন? নাকি টাইগারের এই যাত্রা শুধুই চমকের? উত্তর মিলবে ডুরান্ড কাপেই।




