আইএসএলের খেতাব নির্ধারক ম্যাচে আগামী বৃহস্পতিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গণে ইন্টার কাশীর বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ২২ বছর বাদে জাতীয় পর্যায়ে ট্রফি খরা কাটাতে গেলে গতবারের আইলিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জিততেই হবে কোচ অস্কার ব্রুজোর দলকে। অবশ্য ড্র করলেও একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে লাল-হলুদ ব্রিগেডের। তবে, সেক্ষেত্রে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে মিগুয়েল, রশিদ ও আনোয়ারদের। তাই, অতিরিক্ত কিছু না ভেবে শেষ ম্যাচ জিতেই খেতাব নিশ্চিন্ত করতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। কিন্তু, লাল-হলুদের জয়ের পথে প্রধান বাধা হতে পারেন ‘প্রাক্তনী’ অভিজিৎ মন্ডল। আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব ছাড়ার পর থেকে উত্তরপ্রদেশের এই দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে শেষ দু’ম্যাচে অপরাজিত ইন্টার কাশী। তার মধ্যে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে তারা।
আসলে, সাম্প্রতিক অতীতে প্রাক্তনীদের বিরুদ্ধে অভিজ্ঞতা খুব একটা ভালো নয় ইস্টবেঙ্গলের। চলতি আইএসএলে জামশেদপুর ম্যাচে মেসি বাউলি ও মাদি তালাল নামক দুই প্রাক্তনী কাঁটায় যুবভারতীতে হারের মুখ দেখতে হয়েছিল অস্কার ব্রুজোর দলকে। তবে, সেসব এখন অতীত। ফলে, সেটা নিয়ে এখন বিশেষ না ভেবে প্রথমবারের জন্য আইএসএল খেতাব জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। কারণ, এই ট্রফি ঘরে তুলতে পারলে এখন কিছু বদল হতে পারে। হয়তো কোচ হিসেবে থেকে যেতে পারেন অস্কার ব্রুজো। যদিও, সবটাই নির্ভর করছে ইন্টার কাশী ম্যাচের ফলাফল এবং ইমামি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনার উপর।
Advertisement
এদিকে, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্বস্তির খবর, ইন্টার কাশী ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন দাম কিছুটা কমিয়ে পাঁচশো টাকা করা হয়েছে। আগে টিকিটের সর্বনিম্ন দাম ছিল এক হাজার টাকা। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। একটা সময় ক্লাবের পক্ষ থেকে ম্যাচ আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব চাওয়া হয়েছিল, যাতে রাজি হয়নি ইন্টার কাশী কর্তৃপক্ষ।
Advertisement
বিকল্প হিসেবে পুরো টিকিট কিনে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাও খারিজ করে দেয় কাশী। তবে, শেষপর্যন্ত চাপের মুখে পরে টিকিটের দাম কমাতে বাধ্য হল তারা। কিশোর ভারতী স্টেডিয়ামে জয়ের মশাল জ্বালাতে অবশ্যই সমর্থকরা উৎসাহের সঙ্গে হাজির থাকবেন।
Advertisement



