মিজোরামকে ১০৩ রানে অল আউট করে দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলা। শুক্রবার মুম্বইয়ে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা আগে ব্যাট করে ১৯৬ রান তোলার পর মিজোরাম শেষ হয়ে যায় ১০৩ রানে। অর্থাৎ, ৯৩ রানে জিতে এলিট গ্রুপ এ-তে সবার ওপরে উঠে পড়লেন অভিমন্যু ঈশ্বরণরা। কর্নাটকের কাছে হার দিয়ে শুরুর পর চণ্ডীগড়, ঝাড়খন্ডকে হারায় বাংলা। এ বার মিজোরামকে হারিয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করল তারা।
এ দিন বান্দ্রা কুরলা কমপ্লেক্সের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান মিজোরামের অধিনায়ক জোসেফ লালথানখুমা। বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল প্রথম উইকেটে ৯৯ রান তোলেন দশ ওভারে। অভিষেক ৩০ বলে ৫২ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে যান। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।
অভিষেক ফিরে যাওয়ার পরে করণের সঙ্গে যোগ দেন শাকির গান্ধী। তিনি চারটি চার ও একটি ছয় মেরে ২৭ বলে ৪২ তুলে অপরাজিত থাকেন। করণ লাল ন’টি চার ও একটি ছয় হাঁকিয়ে ৪১ বলে ৬৭ তুলে দলের ১২৬ রানের মাথায় ফিরে যান। এই দুটি ছাড়া বাংলার আর কোনো উইকেট ফেলতে পারেনি মিজোরাম। এর পরে ঋষভ চৌধুরি ২২ বলে ৩৩ রান করে শাকিরের সঙ্গে ৭০ রানের পার্টনারশিপ গড়ে বাংলাকে ১৯৬ রানে পৌঁছে দেন।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে মিজোরাম ১৯ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায়। তিন নম্বরে ব্যাট করতে আসা চিন্ময় সুতার ৪৩ বলে ৬১ রান করে ইনিংসের হাল ধরেন। তাঁকে কিছুটা সঙ্গত করেন মানেন্দর সিং। দুজনে মিলে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে ৬৪-তে পৌঁছে দিলেও মানেন্দর আউট হয়ে যাওয়ার পরই একের পর এক আউট হওয়া শুরু হয়।
মহম্মদ শামি ও মুকেশ কুমার দুই ওপেনারকে ফেরানোর পর প্রতিপক্ষের ব্যাটারদের ফেরানোর দায়িত্ব নিয়ে নেন মিডিয়াম পেসার ঋষভ ও করণ। ঋষভ চার ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। করণ ২.২ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন। একটি উইকেট নেন সায়ন ঘোষ। দশ বল বাকি থাকতেই মিজোরামের ইনিংস শেষ হয়ে যায়। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন করণ, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভাল পারফরম্যান্স দেখানোর জন্য। বাংলার পরের ম্যাচ রবিবার, বরোদার বিরুদ্ধে।




