• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন বাংলার আকাশ দীপ, শেষ দুই ওয়ান ডে-তে ভারতের অধিনায়ক শ্রেয়স

প্রথম তিন ওয়ান ডে-র দলে সহ-অধিনায়ক শ্রেয়স। শেষ দুই ম্যাচে তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশান কিষাণ। সেই দুই ম্যাচের

নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন বাংলার আকাশ দীপ, শেষ দুই ওয়ান ডে-তে ভারতের অধিনায়ক শ্রেয়স

Akash Deep Photo-SNS

নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট ও ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। চোট সারিয়ে টেস্ট দলে ফিরলেন বাংলার পেসার আকাশ দীপ। তাঁর সঙ্গে দলে জায়গা পেয়েছেন আনশুল কাম্বোজও। অন্য দিকে, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। প্রথম তিন ম্যাচে নেতৃত্বের দায়িত্বে থাকবেন শুভমান গিল।

নিউজিল্যান্ডের পরিবেশে টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখেই দল নির্বাচন করেছেন নির্বাচকেরা। দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পরে আকাশ দীপের প্রত্যাবর্তন ভারতীয় শিবিরের কাছে স্বস্তির খবর।

গত বছর ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেটে নজর কেড়েছিলেন আকাশ দীপ। কিন্তু কোমরের নীচের দিকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তাঁকে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়। সম্প্রতি সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁকে দলে ফেরানো হল।

আকাশের পাশাপাশি সুযোগ পেয়েছেন আনশুল কাম্বোজ। গত বছর ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টারে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তবে সেই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় পরে দল থেকে বাদ পড়েন তিনি। আইপিএলে ভাল পারফরম্যান্স এবং ভারত ‘এ’ দলের হয়ে লাল বলের ক্রিকেটে নজর কাড়ার পরে ফের জাতীয় দলে ফিরলেন এই পেসার।

নিউজিল্যান্ডের পরিবেশে এই দুই বোলার কার্যকরী ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন নির্বাচকেরা। টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেই দলেও রয়েছেন আকাশ ও আনশুল। ফলে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের পরিবেশে নিজেদের আরও ভাল ভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

তবে সাম্প্রতিক সময়ে ভাল পারফরম্যান্স করেও টেস্ট দলে জায়গা হয়নি গুরনুর ব্রারের।

টেস্ট দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থও। তবে তাঁর খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার উপরে। বাঁ দিকের পাঁজরের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। সেই কারণেই তাঁকে নিয়ে সতর্ক নির্বাচকেরা।

অন্য দিকে, টেস্ট দলে ফিরেছেন যশপ্রীত বুমরাও। তবে নিউজিল্যান্ড সফরের পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূল লক্ষ্য, টেস্ট ক্রিকেটের জন্য তাঁর ফিটনেস ও বোলিংয়ের ধকল সামলানোর ক্ষমতা তৈরি রাখা। আগামী বছরের গোড়ায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই গুরুত্বপূর্ণ সূচির কথা মাথায় রেখেই বুমরার কাজের চাপ নিয়ন্ত্রণ করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের আগের টেস্ট সিরিজে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি বুমরা। পরে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে জাপানে এশিয়ান গেমসে সোনা জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এ বার দীর্ঘতম ফরম্যাটের জন্য তাঁকে তৈরি করাই প্রধান লক্ষ্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। প্রথম তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। গিলের পাশাপাশি কে এল রাহুলও শেষ দুই ওয়ান ডে-তে খেলবেন না। টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত।

প্রথম তিন ওয়ান ডে-র দলে সহ-অধিনায়ক শ্রেয়স। শেষ দুই ম্যাচে তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশান কিষাণ। সেই দুই ম্যাচের দলে নতুন মুখ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। প্রথম বার ভারতীয় সিনিয়র দলে ডাক পেলেন তিনি।

এ ছাড়া শেষ দুই ওয়ান ডে-র দলে ফিরেছেন তিলক বর্মা। ২০২৫-এর ডিসেম্বরের পরে এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা পেলেন তিনি। অন্য দিকে, ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা।

ওয়ান ডে সিরিজ হবে
৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর এবং টেস্ট সিরিজ ১৯ নভেম্বর থেকে শুরু। দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর থেকে।

ওয়ান ডে সিরিজের পরে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে ভারতের নেতৃত্ব দেবেন শুভমন গিল। সাদা বলের ক্রিকেটে নতুনদের সুযোগ দেওয়া এবং লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সিরিজের আগে প্রথম সারির ক্রিকেটারদের প্রস্তুত রাখাই নির্বাচকদের প্রধান লক্ষ্য।

প্রথম তিনটি ওয়ান ডে-র দল

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহ, ইশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব।

চতুর্থ ও পঞ্চম ওয়ান ডে-র দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ইশান কিষাণ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, নমন ধীর, অকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।

টেস্টের জন্য ভারতীয় দল

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আনশুল কাম্বোজ, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।