• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

‘রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব’, হকারদের নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার

নয়াদিল্লি থেকে শুক্রবার অগ্নিমিত্রা পালের ঘোষণা, সারা দেশে ৩০ থেকে ৩৫টি জায়গায় স্ট্রিট ফুড হাব থাকলেও পশ্চিমবঙ্গে এখনও একটিও নেই

‘রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব’, হকারদের নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার

Agnimitra Paul Photo-ANI

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তার পরই হকার উচ্ছেদ নিয়ে বিতর্কের মুখে পড়েছিল রাজ্য সরকার। এবার হকারদের নিয়েই চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। নয়াদিল্লিতে গিয়ে অগ্নিমিত্রা পাল কেন্দ্রীয় নগরোন্নায়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। এমনকী রাজ্য সরকারের ঝুলিতে এসেছে একাধিক পুরষ্কার। শুক্রবার রাজধানী থেকে পুরমন্ত্রী জানান, এই পুরষ্কারই বড় প্রমাণ যে বিজেপি সরকার একমাত্র হকারদের জন্য চিন্তাভাবনা করেছে। হকারদের জন্য নতুন উদ্যোগের কথাও জানান অগ্নিমিত্রা। নিউটাউনে উড়ালপুলের নীচে এবার তৈরি হবে লাইব্রেরি। তার সঙ্গে থাকবে ক্যাফেটেরিয়া। এমন একটি পরিকল্পনার কথা আগেই তিনি জানিয়েছেন।

এদিকে গাছে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছিলেন পুরমন্ত্রী। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে বৈঠক করার পর মন্ত্রী গিয়েছিলেন সেক্টর ফাইভে এনডিআইটি দপ্তরে। সেখানেই এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্বনিধি সম্মান পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বনিধি আসলে হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ভাল কাজের জন্য দুর্গাপুর শহর এই বিশেষ সম্মান পেয়েছে। এই বিষয়ে এদিন বলতে গিয়েই অগ্নিমিত্রা পাল হকারদের জন্য বড় উদ্যোগের কথা জানালেন। পুরমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কলকাতা থেকে শিলিগুড়ি, রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব। সেখানে এক ছাদের তলায় মিলবে এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড। হকারদের পুনর্বাসনের ভাবনাও আছে সরকারের। তাঁদের জন্য দেওয়া হতে পারে বিশেষ ই-কার্ট।’

অন্যদিকে একদিন আগেই পুরমন্ত্রী জানিয়েছিলেন, এনকেডিএ বড় এলাকা। উড়ালপুল, সেতুর নীচের অংশ উন্নত করার চেষ্টা করা হচ্ছে। মানুষ যাতে বই পড়তে পারেন তার জন্য সেখানে লাইব্রেরি করা হবে। বাঙালির বই পড়ার অভ্যাস আছে। অনেক সময় টিভি, মোবাইলের জন্য পড়া হয় না। পড়ার ইচ্ছা থাকলেও সুযোগ নেই। অফিস ফেরত মানুষ বই পড়তে পারবেন এই লাইব্রেরিতে। অনেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন। কিন্তু বই কেনার সামর্থ্য নেই। তাঁদের জন্য এখানে সুযোগ থাকবে। সকালবেলা ওই জায়গায় ক্রেশের কাজ হবে। লাইব্রেরির সঙ্গে একটা ক্যাফেটেরিয়াও থাকবে। বেশি কিছু নয়, চা, কফি আর স্যান্ডউইচ থাকল। আর নয়াদিল্লি থেকে শুক্রবার অগ্নিমিত্রা পালের ঘোষণা, ‘সারা দেশে ৩০ থেকে ৩৫টি জায়গায় স্ট্রিট ফুড হাব থাকলেও পশ্চিমবঙ্গে এখনও একটিও নেই। কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা আছে। প্রতিটি হাব গড়ে তুলতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হতে পারে। এলাকার জনপ্রিয় খাবার বিক্রেতাদের একই জায়গায় নিয়ে আসা হবে। ফলে একদিকে যেমন ক্রেতারা একই জায়গায় নানা ধরনের খাবার পাবেন, তেমন হকারদেরও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

তাছাড়া টেবিল টেনিস কোর্টও করার পরিকল্পনা রয়েছে। বৃষ্টিতে যাতে রাস্তায় জল না জমে সেই ব্যবস্থাও করা হবে পরের বছর। পুরমন্ত্রীর কথায়, ‘বিক্রেতার পেশা এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি হবে এই ই-কার্ট। ফুচকা বিক্রেতাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, তেমনই ফুল বা জামাকাপড় বিক্রেতাদের জন্যও থাকবে আলাদা ধরনের কার্ট। কার্টের উপরে থাকবে সোলার প্যানেল। সৌরশক্তি ব্যবহার করেই ইন্ডাকশনে রান্না করা যাবে।’