যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee)। অভিযোগপত্রে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জোর করে ক্যাম্পাসে প্রবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, হুমকি, হস্টেলে ঢোকার চেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University) ।
অভিযোগপত্র অনুযায়ী, ১৯ আগস্ট রাত সাড়ে ১২টা নাগাদ একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে বিশ্ববিদ্যালয় (Jadavpur University)চত্বরে ঢোকেন। এরপর তাঁরা হিংসা, ভাঙচুর ও সম্পত্তি নষ্টের ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। আর্টস-সায়েন্স বিল্ডিংয়ের ক্রসিং এবং অরবিন্দ ভবনের পোর্টিকোয় পতাকা, পোস্টার-সহ বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি জ্বলন্ত সামগ্রী অরবিন্দ ভবনের কলাপসিবল গেটের ভিতর ছুঁড়ে ফেলা হয় বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেই সময় ভবনের ভিতরে পড়ুয়া ও নিরাপত্তাকর্মীরা আশ্রয় নিয়েছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় ক্যাম্পাসে থাকা পড়ুয়াদের হুমকি দেওয়া হয়। এক নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিভিন্ন সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি। কিছু বহিরাগত মেইন হস্টেলের গেট জোর করে খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এতে হস্টেলে থাকা পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়।
এরপর ২০ আগস্ট দুপুর ২টো নাগাদ ফের ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রতীক বা এমব্লেম, সংলগ্ন গেট এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ভিডিয়ো, ইলেকট্রনিক প্রমাণ ও ফরেন্সিক তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
তদন্তে পুলিশকে প্রয়োজনীয় নথি ও ফুটেজ দিয়ে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। ক্যাম্পাসে (Jadavpur University) অগ্নিসংযোগ পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের জীবন বিপন্ন করেছে বলে দাবি উপাচার্যের। বিশেষ করে ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনে (Jadavpur University)আগুন লাগানোর অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।




