• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

দিল্লিতে একদিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১১৪, আট গুণ সংক্রমণ বৃদ্ধি, পরিস্থিতি পর্যালোচনা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার

স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০ আগস্ট দিল্লিতে ১৫৯টি নতুন ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের মধ্যে প্রায় ১১৪টিই এইচ১এন১-এ আক্রান্ত। অর্থাৎ একদিনে নতুন আক্রান্তদের প্রায় ৭২ শতাংশই এইচ১এন১-এ আক্রান্ত

দিল্লিতে একদিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১১৪, আট গুণ সংক্রমণ বৃদ্ধি, পরিস্থিতি পর্যালোচনা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার

Image: AI নির্মিত

দিল্লিতে ফের বাড়ছে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ। ২০ আগস্ট একদিনে রাজধানীতে নতুন করে ১৫৯ জনের ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে। তাঁদের মধ্যে ১১৪ জনই এইচ১এন১ (H1N1) আক্রান্ত। এরফলে ২০২৬ সালে দিল্লিতে মোট এইচ১এন১ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭৭।

এই পরিস্থিতিতে প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda)। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং এবং কেন্দ্র ও দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক উপস্থিত ছিলেন।

একদিনে আক্রান্তদের প্রায় ৭২ শতাংশ এইচ১এন১ (H1N1)  

স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০ আগস্ট দিল্লিতে ১৫৯টি নতুন ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের মধ্যে প্রায় ১১৪টিই এইচ১এন১-এ আক্রান্ত। অর্থাৎ একদিনে নতুন আক্রান্তদের প্রায় ৭২ শতাংশই এইচ১এন১- (H1N1) এ আক্রান্ত।

এইচ১এন১ সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত। এটিকে ‘ইনফ্লুয়েঞ্জা এ’ গোত্রের ধরা হয়। দিল্লিতে চলতি বছরে মোট সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯২। সব মিলিয়ে ছাব্বিশে দিল্লিতে এখনও পর্যন্ত ২ হাজার ৬০২ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৩৯২ জন ‘ইনফ্লুয়েঞ্জা এ’ এবং ২১০ জন ‘ইনফ্লুয়েঞ্জা বি’-তে আক্রান্ত। ২০ আগস্ট নতুন করে চারজনের ‘ইনফ্লুয়েঞ্জা বি’ ধরা পড়েছে।

আরও পড়ুন: পাকা বাড়ি জন্য আবেদনের আহ্বান, ৩টি নথি জমা দিলেই মিলবে প্রকল্পের সুবিধা, ৩১ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে

সোয়াইন ফ্লু (H1N1)   হলে কী কী উপসর্গ দেখা যায়?

আচমকা জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, মাথাযন্ত্রণা, সারা শরীরে ব্যথা, কাঁপুনি এবং অতিরিক্ত ক্লান্তি সোয়াইন ফ্লুর সাধারণ উপসর্গ। কারও কারও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। সংক্রমণ বাড়লে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দীর্ঘক্ষণ ধরে উচ্চমাত্রার জ্বর থাকলে আর সেই সঙ্গে ভুল বকলে এবং ঠোঁট নীল হয়ে এলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বয়স্ক ব্যক্তি, ছোট শিশু, গর্ভবতী মহিলা এবং অন্যান্য কোনও শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া দরকার।

সংক্রমণ (H1N1)   রুখতে কী করণীয়

সোয়াইন ফ্লুর সংক্রমণ এড়াতে অবশ্যই পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢাকতে হবে। উপসর্গ দেখা দিলে বিশ্রাম নিতে হবে এবং চিকিৎসের পরামর্শ নিতে হবে। আগে থেকে ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া যেতে পারে। টিকা নেওয়ার বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাসপাতালের (H1N1)   প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে

বৈঠকে দিল্লি-সহ গোটা দেশের ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে বলে খবর। খোদ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা  (J P Nadda)গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি আইএলআই (ILI)(ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ) এবং সারি (SARI) (তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ)-এর প্রবণতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। পরীক্ষা ও ল্যাবরেটরি নজরদারি এবং সংক্রমণের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

দিল্লির হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়েছে। সংক্রমণ আরও বাড়লে হাসপাতালগুলি যাতে পরিস্থিতি সামাল দিতে পারে, সে বিষয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নাড্ডা স্বাস্থ্য আধিকারিকদের সতর্কতা অবলম্বন করা, নজরদারি আরও জোরদার করা এবং আগাম প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন: তৃণমূল সরকার সীমান্ত সুরক্ষায় জমি দেয়নি, মমতাকে নিশানা করে অভিযোগ শাহর

সতর্ক থাকার পরামর্শ

ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং চোখ, নাক ও মুখে অপ্রয়োজনে হাত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিলে অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতেও বলা হয়েছে। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

দেখুন: ‘খোলা সীমান্ত পাহারা সবচেয়ে কঠিন কাজ’, SSB জওয়ানদের প্রশংসা অমিত