দুর্গাপুজোর সময়েও ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। পঞ্চমীর দিন গভীর রাত পর্যন্ত শহরে ট্রাফিক আইন লঙ্ঘন ও বেআইনিভাবে মদ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ করল প্রশাসন। চলতি বছরে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীর দিন পুলিশ অভিযান চালিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি ৩.৬ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয়েছে।
ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মোট ৩৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ট্রিপল রাইডিং বা একটি বাইকে তিনজন যাতায়াতের জন্য ৩৫টি মামলা হয়েছে। হেলমেট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ৯২টি মামলা দায়ের করা হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ৬৫টি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬১টি মামলা হয়েছে। এছাড়াও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৮১টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে পঞ্চমীর দিন ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৩৩৪টি মামলা নথিভুক্ত হয়েছে।
দুর্গাপুজোর সময় রাস্তায় ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনেরও চাপ বাড়ে। সেই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উৎসবের দিনগুলিতে দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: কাটল জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই ১৪ ঘাটে চালু ফেরি পরিষেবা
পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমীর দিন গ্রেপ্তার, বেআইনি মদ বাজেয়াপ্ত এবং ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে মামলা, এই তিন ক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে।




