কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ। বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরের পূর্বালোকের বাড়িতে মোটরবাইকে চেপে এসে এক ব্যক্তি বিয়ারের বোতল ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ পূর্বালোকের ৩৫ নম্বর বাড়ি লক্ষ্য করে মোটরবাইকে চেপে আসা এক ব্যক্তি বোতল ছোড়ে বলে অভিযোগ। ওই ব্যক্তির মুখ ঢাকা ছিল। বাড়ির দিকে বোতল ছোড়ার পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ এবং মহিলাদের অপমান করার অভিযোগও উঠেছে। পাশাপাশি বিকাশরঞ্জনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে পূর্ব যাদবপুর থানায় মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি মোটরবাইকে করে এসে ঘটনার পর প্রায় সাড়ে ৫টা নাগাদ দাসপাড়া সেতুর দিক দিয়ে পালিয়ে যায়। ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। ওই ব্যক্তি পঞ্চসায়র থানা এলাকার বিকাশ গুপ্ত কলোনি অথবা সংলগ্ন এলাকার বাসিন্দা হতে পারেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই সাদা পোশাকের পুলিশ নজরদারিতে রয়েছে।
ঘটনার পর বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। পূর্বালোক এলাকাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।




