কম্পিউটার স্ক্রিনের আড়ালে ভার্চুয়াল দুনিয়ায় চলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা চ্যাটজিপিটির মতো অত্যাধুনিক প্রযুক্তির বিস্তারকে আমরা সাধারণত সম্পূর্ণ অদৃশ্য, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন প্রযুক্তি বলেই ধরে নিই। ভারী কলকারখানার মতো সুউচ্চ চিমনি দিয়ে কালো বিষাক্ত ধোঁয়া বের না হওয়ায় বা চোখে পড়ার মতো কঠিন বর্জ্য পদার্থ তৈরি না হওয়ায় এই প্রযুক্তির পরিবেশগত এবং ভৌত প্রভাব সাধারন মানুষের চোখ এড়িয়ে যায়। কিন্তু প্রযুক্তির এই অবিশ্বাস্য ও দ্রুতগতির প্রগতির নেপথ্যে রয়েছে এক বিশাল, জটিল এবং ভারী ভৌত পরিকাঠামো— বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার দানবাকৃতির সার্ভার ফার্ম ও ডেটা সেন্টার। আর এই প্রকাণ্ড ডেটাসেন্টারগুলির চাকা অবিরাম সচল রাখতে এবং অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে অতি সংবেদনশীল ও দামি প্রসেসরগুলিকে ২৪ ঘন্টা ঠাণ্ডা রাখতে প্রতিদিন কোটি কোটি লিটার পরিশুদ্ধ জলের প্রয়োজন হয়। আজকের দিনের দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হল, এআই ব্যবহারে যে বিপুল পরিমাণ জল খরচ হচ্ছে, তা কি নেহাতই বিলাসিতা ও অপচয়, নাকি এর ফলে অদূর ভবিষ্যতে পৃথিবীতে এক ভয়াবহ জলসঙ্কট দেখা দিতে পারে?
প্রযুক্তি জগতের এই বিশাল জলভান্ডার ব্যবহারের নেপথ্যে মূলত দুটি প্রধান কারণ কাজ করে— প্রত্যক্ষ ব্যবহার এবং পরোক্ষ ব্যবহার। প্রথমত, লক্ষ লক্ষ শক্তিশালী কম্পিউটার প্রসেসর বা জিপিইউ যখন একসঙ্গে সেকেন্ডের ভগ্নাংশে জটিল অ্যালগরিদম ও বিশাল ডেটাসেট প্রসেস করে, তখন সেখানে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই প্রচন্ড তাপ দূর করতে ডেটাসেন্টার গুলিতে ‘ইভাপোরেটিভ কুলিং’ বা বাষ্পীভবন ভিত্তিক শীতলীকরন পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর ফলে ডেটাসেন্টারের বিশাল কুলিং টাওয়ারে প্রতি সেকেন্ডে প্রচুর পরিমাণে মিষ্টি জল বা সুপেয় জল বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায় এবং তা আর কোনোভাবেই পুনর্ব্যবহারযোগ্য থাকে না।
আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা সংস্থা ও পরিবেশবিদদের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের একটি অত্যাধুনিক ডেটাসেন্টার চালাতে প্রতিদিন কয়েক লক্ষ থেকে শুরু করে কয়েক মিলিয়ন লিটার জল পর্যন্ত পরিষ্কার জল খরচ হতে পারে। শুধু তা-ই নয়, এই ডেটাসেন্টারগুলি দিনরাত অবিরাম সচল রাখতে যে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, তার জোগান দিতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতেও পরোক্ষভাবে বিশাল পরিমাণ জল বাষ্পীভূত ও খরচ হয়।
এআই ব্যবহারের এই বিপুল জলখরচকে অনেকেই অবশ্য সরাসরি ‘অপচয়’ বলতে নারাজ। বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থাগুলোর জোরালো দাবি— বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিখুঁত কৃষি উৎপাদনের পূর্বাভাস, চিকিৎসা বিজ্ঞানে নতুন এবং জীবনদায়ী ওষুধের দ্রুত আবিষ্কার, মহাকাশ গবেষণা এবং আবহাওয়ার সঠিক তথ্য বিশ্লেষণে এআই আজ এক অপরিহার্য ও বিপ্লবী হাতিয়ার। তাছাড়া, একজন সাধারণ ব্যবহারকারী যখন একটি চ্যাটবটে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করেন বা একটি ছবি তৈরি করেন, তখন তার পেছনে মাত্র কয়েক মিলিলিটার বা এক বোতলের সমান জল খরচ হয়, যা মানুষের দৈনন্দিন সামগ্রিক জল ব্যবহারের তুলনায় আপাতদৃষ্টিতে অত্যন্ত নগণ্য বলে মনে হতে পারে।
কিন্তু মূল ও গভীর সংকটটি তৈরি হয়েছে ঠিক অন্য জায়গায়। মুশকিল হলো, এআই-এর চাহিদা ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে এখন আকাশচুম্বী। প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ এবং অসংখ্য কর্পোরেট সংস্থা যখন একসঙ্গে এই প্রযুক্তি ব্যবহার করছেন, তখন এর সম্মিলিত ও ক্রমবর্ধমান প্রভাব স্থানীয় জলাধারগুলির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের খরাপ্রবণ অঞ্চল থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন প্রযুক্তি প্রধান এলাকায় ডেটা সেন্টারগুলোর আশেপাশের ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের নিরাপত্তাকে সরাসরি বিপন্ন করে তুলছে।
পৃথিবীতে অদূর ভবিষ্যতে তীব্র জলের সংকট দেখা দেওয়ার এই আশঙ্কাটি সম্পূর্ণ অমূলক বা নিছক কল্পনাপ্রসূত নয়। আন্তর্জাতিক জল বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলে কার্বন নির্গমনের মতো জল সংকট কোনো বৈশ্বিক সমস্যা নয়, বরং এটি অত্যন্ত স্থানীয় এবং ভৌগোলিক একটি বিষয়। অর্থাৎ, বিশ্বের যে সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই তীব্র খরা পানীয় জলের চরম সংকট বা ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে, সেখানেই যদি একের পর এক দানবাকৃতির ডেটাসেন্টার গড়ে ওঠে, তবে তা স্থানীয় বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেবে। এআই-এর রমরমা বাজার ধরে রাখতে টেক জায়ান্টগুলি সস্তায় জমি, কর ছাড় ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি প্রচুর পরিমাণে জলের জোগান রয়েছে এমন শান্ত এলাকাগুলিকেই বেছে নিচ্ছে। এর সরাসরি ফলস্বরূপ সেই সব অঞ্চলের স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষ চরম জলকষ্ট এবং জীবিকার সংকটের শিকার হচ্ছেন। প্রকৃতি ও প্রযুক্তির এই নিরন্তর সংঘাত এক নতুন ও ভয়াবহ পরিবেশগত সংকটের জন্ম দিচ্ছে, যাকে কোনোভাবেই উপেক্ষা করার কোনও উপায় নেই।
অবশ্য এই ভয়াবহ সংকট থেকে বেরিয়ে আসার পথ খোঁজার চেষ্টাও ইতিমধ্যে শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তির ডেটাসেন্টারগুলিতে এখন গতানুগতিক বাষ্পীভবন পদ্ধতির পরিবর্তে ‘লিকুইড কুলিং বা সরাসরি চিপ ঠান্ডা করার উন্নত ‘ক্লোজড-লুপ প্রযুক্তি’-র পরিশোধিত বর্জ্য জল বা সামুদ্রিক নোনতা জল ব্যবহারের প্রবণতা কিছুটা বাড়ছে।
বিশ্বের বেশ কিছু বড় প্রযুক্তি প্রতিষ্ঠান আগামী কয়েক বছরের মধ্যে নিজেদের ‘ওয়াটার-পজিটিভ’ বা জল ইতিবাচক হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে, যেখানে তারা নিজেদের ব্যবহারের চেয়ে বেশি পরিমাণ জল সংরক্ষণ ও পরিশোধনের মাধ্যমে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তা সত্ত্বেও, জেনারেটিভ এআই মডেল গুলির আকার ও জটিলতার লাগাতার বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ব্যবহারকারীর সংখ্যা হু-হু করে বৃদ্ধির ফলে যে ‘রিবাউন্ড- এফেক্ট’ তৈরি হচ্ছে, তাতে শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা দিয়ে একাই এই বিপুল জলের চাহিদা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
পরিশেষে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার মুকুটে নতুন সাফল্যের পালক যোগ করলেও তার অন্ধ, অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত বিস্তার পৃথিবীর অমূল্য প্রাকৃতিক সম্পদ জলকে চরমভাবে বিপন্ন করে তুলছে। জল কোনও সীমাহীন বা সহজে বিকল্পযোগ্য যান্ত্রিক উপাদান নয় যে এর কোনও শেষ নেই, বরং এটিই প্রাণের একমাত্র উৎস। তাই এআই পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ বা কার্বন নির্গমনের পাশাপাশি ‘ওয়াটার ইউসেজ ইফেক্টিভনেস’ বা জল ব্যবহারের স্বচ্ছতা ও দক্ষতার মাপকাঠিকে কঠোর সরকারি ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে আনা বাধ্যতামূলক। প্রযুক্তিগত উৎকর্ষের মোহে জলের মতো মৌলিক জীবনদায়ী উপাদানকে বলি দিয়ে কোনোভাবেই একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হতে পারে না। মুনাফা ও প্রযুক্তির উন্মাদ দৌড়ের পাশাপাশি পৃথিবীর জলবায়ু, নদী-জলাশয় এবং প্রাকৃতিক সীমানাকে রক্ষা করাটাই আজ একবিংশ শতাব্দীর মানবজাতির সামনে বড় এবং কঠিন অস্তিত্বের চ্যালেঞ্জ।




